
বাংলাদেশ ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। জরুরি নিরাপত্তাজনিত সমস্যার কারণে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কেন্দ্রীয় ব্যাংক এই সিদ্ধান্ত নিয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যয় বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান ওয়েবসাইট বন্ধ রাখার বিষয়টি নিশ্চিত করেছেন। একই দিন সন্ধ্যয় কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইটে প্রবেশের চেষ্টা করলে ‘The Service is under Maintenance’ লেখা একটি বার্তা দেখা যায়। ওই বার্তায় রক্ষণাবেক্ষণ কার্যক্রমের কারণে ওয়েবসাইটের সেবা সাময়িকভাবে বন্ধ রাখার কথা জানানো হয়েছে এবং দ্রুত সেবা আবার চালু করার প্রত্যাশা প্রকাশ করা হয়েছে।
বিশ্বজুড়ে বিভিন্ন ওয়েবসাইটের নিরাপত্তাকে নিয়ে সম্প্রতি উদ্বেগ তৈরি হয়েছে। বহুল ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা পিএইচপিতে দুটি গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত হওয়ার পর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো সতর্কতামূলক পদক্ষেপ নিতে শুরু করেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন যে, এই নিরাপত্তা ত্রুটিগুলোর সুযোগ নেয়া হলে হ্যাকাররা দূর থেকে সংশ্লিষ্ট সিস্টেমে অননুমোদিত প্রবেশ করতে এবং ক্ষতিকর কোড চালাতে পারে। প্রতিবেদন অনুযায়ী, কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সহায়তায় ত্রুটিগুলো শনাক্ত করা হয়েছে এবং সম্ভাব্য সাইবার হামলা প্রতিরোধে দ্রুত ত্রুটি সংশোধনের উদ্যোগ নেওয়া হচ্ছে।
তবে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ রাখার সাথে পিএইচপির নিরাপত্তা ত্রুটিগুলোর সরাসরি কোনো সম্পর্ক রয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। এছাড়া কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইটে কোনো সাইবার হামলা হয়েছে কিনা, সে বিষয়েও কর্তৃপক্ষের পক্ষ থেকে নিশ্চিত কোনো তথ্য জানানো হয়নি।
সম্পাদক ও প্রকাশক : সুজন মাহমুদ মোবাইল: 01713915888
নির্বাহী পরিচালক মোঃ আনিছুর রহমান মোবাইল: 01714236204
Copyright © 2026 sbtv24. All rights reserved.