
খাগড়াছড়ির সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং সাজেক সড়কের স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনার লক্ষ্যে শনিবার (২৪ অক্টোবর) একটি গুরুত্বপূর্ণ নিরাপত্ব সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় নিরাপত্ব বাহিনী, বেসামরিক প্রশাসন ও স্থানীয় পর্যটন সংশ্লিষ্ণ প্রতিনিধিরা অংশ নেন। এই সভায় উদ্ভব পরিস্থিতি নিরসনে উচ্চপর্যায়ের একটি যৌথ মধ্যস্থতাকারী দল গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে; দলের নেতৃত্বে সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া থাকবেন বলে জানা গেছে।
সভায় সেনাবাহিনী, পুলিশ, বেসামরিক প্রশাসন, বিভিন্ন গোয়েন্দা সংস্থা, পার্বত্য জেলা পরিষদ, সাজেক রিসোর্ট ও কটেজ মালিক সমিতি, বাস-ট্রাক ও রেস্তোরাঁ মালিক সমিতিসহ স্থানীয় পর্যটন খাতের শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উপস্থিত প্রতিনিধিরা জানান, আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীর নানা বাধা ও অপতৎপরতার কারণে দীর্ঘদিন ধরে সাজেক সড়ক বন্ধ রয়েছে। ফলে স্থানীয় সাধারণ মানুষ, ব্যবসায়ী ও পর্যটকদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। দীর্ঘস্থায়ী এই অচলাবস্থার কারণে স্থানীয় জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হচ্ছে, যা যেকোনো সময়ে বড় ধরনের সাম্প্রদায়িক সংঘাতের রূপ নিতে পারে বলে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়।
বিদ্যমান সংকট নিরসনে সভায় কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও সমন্বিত প্রস্তাব গৃহীত হয়। এর মধ্যে সংকট সমাধানের প্রথম ধাপে স্থানীয় এমপি ওয়াদুদ ভূইয়া, খাগড়াছড়ি ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ এবং বেসামরিক প্রশাসনের মাধ্যমে সড়ক অবরোধকারী আন্দোলনকারীদের প্রতিনিধিদের সঙ্গে ধাপে ধাপে আলোচনার প্রস্তাব দেওয়া হবে। যৌথ মধ্যস্থতাকারী দল হিসেবে পরিস্থিতি শান্তিপূর্ণ উপায়ে সমাধানের লক্ষ্যে খাগড়াছড়ি ও রাঙামাটি জেলার নিরাপত্তা বাহিনী, জেলা পরিষদ এবং বেসামরিক প্রশাসনের সমন্বয়ে একটি উচ্চপর্যায়ের যৌথ মধ্যস্থতাকারী দল গঠন করা হবে। এই প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন স্থানীয় সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া।
জবাবদিহিতা নিশ্চিতকরণে সাজেক সড়কের যোগাযোগ বিচ্ছিন্ন করে সাধারণ মানুষকে জিম্মি করা এবং এই উসকানিমূলক কর্মকাণ্ডে প্রকাশ্য ইন্ধন দেওয়ায় কার্বারী অ্যাসোসিয়েশনকে কঠোর জবাবদিহিতার আওতায় আনার সিদ্ধান্ত নেওয়া হয়। সংকট নিরসনের আলোচনায় জোর দেওয়ার পাশাপাশি জিম্মি দশা থেকে সাধারণ মানুষকে মুক্ত করতে কঠোর অবস্থানের কথা জানানো হয়। সভা শেষে জনদুর্ভোগ সৃষ্টিকারী সকল প্রকার অবৈধ অবরোধ প্রতিহত করে এলাকার সামগ্রিক নিরাপত্তা বজায় রাখা এবং অবিলম্বে সাজেক সড়কে যান চলাচল স্বাভাবিক করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ তৎপর থাকার নির্দেশ দেওয়া হয়।
সম্পাদক ও প্রকাশক : সুজন মাহমুদ মোবাইল: 01713915888
নির্বাহী পরিচালক মোঃ আনিছুর রহমান মোবাইল: 01714236204
Copyright © 2026 sbtv24. All rights reserved.