
খাগড়াছড়িতে সাজেক সড়কের অবরোধ নিরসন ও এলাকার নিরাপদে যান চলাচল ফিরিয়ে আনার লক্ষ্যে একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। খাগড়াছড়ি সেনা রিজিয়নের সম্মেলনকক্ষে শনিবার সকাল ১১টার সময় এই সভায় বসে প্রশাসন, নিরাপত্তা বাহিনী ও পর্যটনসংক্রান্ত সংগঠনের প্রতিনিধিরা। সড়ক অবরোধের কারণে স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী এবং পর্যটকদের দীর্ঘদিনের দুর্ভোগ ও নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ সভায় উত্থাপিত হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সভায় সেনাবাহিনী, পুলিশ, বেসামরিক প্রশাসন, গোয়েন্দা সংস্থা, খাগড়াছড়ি ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ এবং সাজেকের পর্যটনসংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের প্রতিনিধি উপস্থিত ছিলেন। সভার পর জারি এক সংবাদ বিজ্ঞপ্তিতে সড়ক যোগাযোগ বন্ধ থাকায় সাধারণ মানুষ, পর্যটক ও ব্যবসায়ীদের চরম দুর্ভোগের কথা উল্লেখ করা হয়। দীর্ঘদিনের এ অচলাবস্থার ফলে স্থানীয় মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে, যা সাম্প্রদায়িক সংঘাতের ঝুঁকি তৈরি করতে পারে বলে সভায় উদ্বেগ প্রকাশ করা হয়।
অবরোধ নিরসনের জন্য সভায় কিছু প্রস্তাব উঠে এসেছে। প্রস্তাব অনুযায়ী, অবরোধকারীদের প্রতিনিধিদের সঙ্গে ধাপে ধাপে আলোচনার উদ্যোগ নেওয়া হবে। এই আলোচনার প্রক্রিয়ায় স্থানীয় সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া, খাগড়াছড়ি ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ এবং বেসামরিক প্রশাসন জড়িত থাকবেন। এ ছাড়া পরিস্থিতি শান্তিপূর্ণভাবে সমাধানের লক্ষ্যে খাগড়াছড়ি ও রাঙামাটির নিরাপত্তা বাহিনী, জেলা পরিষদ এবং বেসামরিক প্রশাসনের সমন্বয়ে একটি উচ্চপর্যায়ের যৌথ মধ্যস্থতাকারী দল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে। প্রস্তাবিত এই দলের নেতৃত্বে থাকবেন সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া।
সভার আলোচনায় কারবারি অ্যাসোসিয়েশনের ভূমিকাও এসেছে। সংগঠনটির বিরুদ্ধে সাধারণ মানুষকে জিম্মি রাখা এবং আন্দোলনকারীদের কর্মকাণ্ডে প্রকাশ্য মদদ দেওয়ার অভিযোগ উঠেছে। এই অভিযোগের প্রেক্ষিতে সংগঠনটিকে জবাবদিহির আওতায় আনার বিষয়ে সভায় আলোচনা করা হয়েছে।
সভা শেষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তৎপর থাকার নির্দেশ দেওয়ার কথা জানানো হয়। লক্ষ্য হলো জনদুর্ভোগ কমানো, এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং দ্রুত যান চলাচল স্বাভাবিক করা।
সম্পাদক ও প্রকাশক : সুজন মাহমুদ মোবাইল: 01713915888
নির্বাহী পরিচালক মোঃ আনিছুর রহমান মোবাইল: 01714236204
Copyright © 2026 sbtv24. All rights reserved.