
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর নতুন সহযোগী সংগঠন ‘জাতীয় স্বেচ্ছাসেবক শক্তি’র আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের অনুমোদনক্রমে সোমবার (২৬ অক্টোবর) এই কমিটি প্রকাশিত হয়।
কমিটির আহ্বায়ক নিযুক্ত করা হয়েছে মো. মাহিন সরকারকে। সদস্যসচিবের দায়িত্ব পেয়েছেন জোবাইরুল হাসান আরিফ এবং মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পেয়েছেন মহিউদ্দিন রনি।
বিষয়টি নিশ্চিত করেছেন এনসিপির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনা। তিনি জানিয়েছেন, আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করার নির্দেশনা তাদের দেওয়া হয়েছে।
এনসিপি গত ২৩ অক্টোবর শুক্রবার কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি পুনর্গঠন করে ১৬ সদস্যের রাজনৈতিক পর্ষদের তালিকা প্রকাশ করে। পুনর্গঠিত কমিটিতে পদের ভিত্তিতে মোট ১৯৫ জনের নাম রয়েছে। এর মধ্যে শীর্ষ নেতৃত্বের ছয় ধরণের পদের মাধ্যমে ৩৬ জন, বিভাগীয় ও প্রবাসী সাংগঠনিক দায়িত্বে ২৮ জন, বিষয়ভিত্তিক সম্পাদকীয় পদের মাধ্যমে ৫৪ জন, পৃথক সহসম্পাদক পদের মাধ্যমে ১৯ জন এবং সাধারণ সদস্যকে ৫৮ জন রাখা হয়েছে।
উল্লেখ্য, পুনর্গঠিত এই কমিটিতে মাহিন সরকার, জোবাইরুল হাসান আরিফ ও মহিউদ্দিন রনির নাম ছিল না। অবশেষে নতুন উইঙ্গের দায়িত্ব পেয়েছেন তারা।
এনসিপি সূত্রে জানা গেছে, স্বেচ্ছাসেবক শক্তির প্রধান কাজ হবে দুর্যোগ ও সংকটের সময় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো, উদ্ধারকাজে সহায়তা করা, ত্রাণ বিতরণ এবং সাধারণ মানুষকে আগাম সতর্কবার্তা দিয়ে নিরাপদ আশ্রয়কেন্দ্রে যেতে সহযোগিতা করা। পাশাপাশি সংগঠনটি দলের রাজনৈতিক কর্মসূচি পালন, জনসভা সফল করা ও দলীয় আদর্শ প্রচারের কাজেও অংশ নেবে।
এছাড়াও রক্তদান কর্মসূচি, বৃক্ষরোপণ, বিনা মূল্যে চিকিৎসাসেবা এবং বিভিন্ন সামাজিক সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে মানুষের কল্যাণে কাজ করার পরিকল্পনা সংগঠনের রয়েছে।
সম্পাদক ও প্রকাশক : সুজন মাহমুদ মোবাইল: 01713915888
নির্বাহী পরিচালক মোঃ আনিছুর রহমান মোবাইল: 01714236204
Copyright © 2026 sbtv24. All rights reserved.