
উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের আবেদন শুরু হয়েছে। রোববার থেকে এই আবেদন কার্যক্রম শুরু হওয়ার পাশাপাশি চলবে ৭ নভেম্বর পর্যন্ত। বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির নির্দেশনা অনুযায়ী এবার থেকে সব পুনঃনিরীক্ষণ আবেদন অনলাইনেই করতে হবে। ম্যানুয়ালি বা সরাসরি বোর্ডে গিয়ে কোনো আবেদন জমা দেওয়া যাবে না।
অনলাইনে আবেদন করতে https://rescrutiny.eduboardresults.gov.bd ওয়েবসাইটে গিয়ে রোল, রেজিস্ট্রেশন নম্বর পূরণ করে বোর্ড নির্বাচন করতে হবে। পরবর্তী ধাপে একটি কার্যকর মোবাইল নম্বর দিতে হবে, যে নম্বরে পুনঃনিরীক্ষণের ফলাফল প্রকাশিত হলে এসএমএস পাঠানো হবে। তারপর শিক্ষার্থীর বিষয়ভিত্তিক ফলাফল দেখে এক বা একাধিক বিষয়ের জন্য ফি প্রদান করে আবেদন জমা দিতে হবে।
প্রতিটি পত্রের জন্য ১৫০ টাকা হারে ফি প্রযোজ্য হবে। দুই পত্র বিশিষ্ট বিষয়ের ক্ষেত্রে উভয় পত্রের আবেদন করতে হবে। ফি পরিশোদের মাধ্যম হিসেবে বিকাশ, নগদ, রকেট, উপায় ও সোনালী সেবার ব্যবস্থা রয়েছে। ফি পরিশোদের পর 'জমা দিন' বাটনে ক্লিক করে আবেদনটি সম্পূর্ণ করতে হবে।
নির্দেশনায় স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, একবার ফি জমা দিলে আবেদনকৃত বিষয়গুলো আর বাতিল করা যাবে না এবং কোনো অবস্থাতেই ফি ফেরত দেওয়া হবে না। ফি পরিশোদের আগে আবেদন পরিবর্তনের প্রয়োজন হলে 'মুছে ফেলুন' বাটনে ক্লিক করে নির্বাচিত বিষয়গুলো প্রত্যাহার করে নতুন করে বিষয় নির্বাচন করা যাবে।
এর আগে গত শনিবার উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। এতে অকৃতকার্য শিক্ষার্থীর সংখ্যা প্রায় ছয় লাখের কাছাকাছি বলে জানা গেছে। ফলাফল প্রকাশের পর এবার শিক্ষার্থীরা উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করছেন।
সম্পাদক ও প্রকাশক : সুজন মাহমুদ মোবাইল: 01713915888
নির্বাহী পরিচালক মোঃ আনিছুর রহমান মোবাইল: 01714236204
Copyright © 2026 sbtv24. All rights reserved.