
যশোর শহরের মাইকপট্টি মোড়ে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল ও সরকারবিরোধী স্লোগান দেওয়ার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। কোতোয়ালি থানার পুরাতন কসবা পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) কামরুজ্জামান বাদী হয়ে সোমবার (২ নভেম্বর) সন্ত্রাসবিরোধী আইনে এই মামলা দায়ের করেছেন। মামলায় ৫৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ ১৭ জনকে আটক করেছে।
মামলার বাদী তাদের অভিযোগে উল্লেখ করেছেন, ১ নভেম্বর ভোর ৫টা ২০ মিনিটে দড়াটানা মোড়ে অবস্থানকালে গোপন সংবাদের মাধ্যমে পুলিশ জানতে পারে যে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের প্রায় ২০০ থেকে ২২০ জন নেতাকর্মী লালদীঘিরপাড়ের মাইকপট্টি মোড়ে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল করছেন। এ সময় তারা বর্তমান সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যান। অভিযোগে আরও বলা হয়েছে, বিক্ষোভকারীরা জনসাধারণের চলাচলে বাধা সৃষ্টি করে বর্তমান সরকারকে উৎখাত এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড সংঘটনের উদ্দেশ্যে এ কর্মসূচি পালন করেন।
যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অনুসারীরা খুব ভোরে মিছিলটি করেছেন। পুলিশ বিষয়টি আমলে নিয়ে মামলা দায়ের করেছে এবং ১৭ জনকে আটক করেছে।
এ ছাড়াও যশোরের নয়টি থানায় নাশকতা অভিযোগে মোট ৪১ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে কোতোয়ালি থানায় ১৭ জন, চৌগাছা থানায় ২ জন, মণিরামপুর থানায় ৩ জন, শার্শা থানায় ২ জন, অভয়নগর থানায় ৪ জন, কেশবপুর থানায় ৩ জন, বাঘারপাড়া থানায় ৪ জন, বেনাপোল পোর্ট থানায় ৪ জন এবং ঝিকরগাছা থানায় ২ জনকে আটক করা হয়েছে। কোতোয়ালি থানায় আটক ১৭ জনের মধ্যে ৭ জন সরাসরি মিছিলে অংশ নিয়েছিলেন বলে পুলিশ সুপার জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক : সুজন মাহমুদ মোবাইল: 01713915888
নির্বাহী পরিচালক মোঃ আনিছুর রহমান মোবাইল: 01714236204
Copyright © 2026 sbtv24. All rights reserved.