
বড়দিন উপলক্ষে খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্ট দুই কোটি টাকা অনুদানের আবেদন করেছিল, তবে প্রধানমন্ত্রী তার চেয়ে এক কোটি টাকা বেশি, অর্থাৎ তিন কোটি টাকা অনুদান দেওয়ার নির্দেশ দিয়েছেন।
ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের পাঠানো একটি সারসংক্ষেপে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে এই অনুদান প্রদানের অনুমোদন দেওয়া হয়েছে। আগামী ২৫ ডিসেম্বর খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন ২০২৬ উদযাপন উপলক্ষে এই বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কাছে পাঠানো সারসংক্ষেপে বলা হয়েছে, বড়দিন উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় ও সামাজিক কল্যাণমূলক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের মাধ্যমে উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে বিশেষ অনুদান দেওয়ার প্রস্তাব করা হয়েছে।
সারসংক্ষেপে উল্লেখ করা হয়, চলতি ২০২৬ সালের বড়দিন উপলক্ষে দুই কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছিল এবং এই অর্থ খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের অনুকূলে বরাদ্দের বিষয়ে প্রধানমন্ত্রীর অনুমোদন চাওয়া হয়েছিল। তবে প্রধানমন্ত্রী প্রস্তাবিত দুই কোটি টাকার বদলে তিন কোটি টাকা অনুদান দেওয়ার নির্দেশ দিয়েছেন।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি মোস্তফা জুলফিকার হাসান এই তথ্য জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক : সুজন মাহমুদ মোবাইল: 01713915888
নির্বাহী পরিচালক মোঃ আনিছুর রহমান মোবাইল: 01714236204
Copyright © 2026 sbtv24. All rights reserved.