
বাংলাদেশে সহজলভ্য ও সাশ্রয়ী কার্ডিয়াক রিহ্যাবিলিটেশন ব্যবস্থাকে শক্তিশালী করার লক্ষ্যে এক উচ্চপর্যায়ের স্টেকহোল্ডার সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেসের উপাচার্য অধ্যাপক জে. এম. এ. হান্নান-এর সভাপতিত্বে এই সভায় দেশের শীর্ষস্থানীয় গবেষক, চিকিৎসক, নীতিনির্ধারক ও উন্নয়ন সহযোগীরা অংশগ্রহণ করেন। সভার মূল উদ্দেশ্য ছিল দেশে হৃদরোগ পুনর্বাসন ব্যবস্থাকে আরও কার্যকর করার প্রসঙ্গে বিস্তারিত আলোচনা করা।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ডা. এম. এ. মুহিত এই সভায় উপস্থিত ছিলেন এবং দেশে অসংক্রামক রোগের (NCD) ক্রমবর্ধমান ঝুঁকি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি জানান, দেশে মোট মৃত্যুর প্রায় ৬৭ শতাংশের জন্য অসংক্রামক রোগ দায়ী, যাদের মধ্যে হৃদরোগ অন্যতম প্রধান কারণ। তিনি বলেন, সরকার একটি আন্তর্জাতিক মানের, সাশ্রয়ী এবং স্থানীয়ভাবে কার্যকর কার্ডিয়াক রিহ্যাবিলিটেশন মডেল বাস্তবায়নে সর্বোচ্চ নীতি ও কাঠামোগত সহায়তা প্রদান করবে।
তিনি আরও জোর দিয়ে জানান, গবেষণার ফলাফল কেবল ল্যাবরেটরি বা জার্নালে সীমাবদ্ধ থাকলে চলবে না; এর মাধ্যমে তৃণমূল পর্যায়ে সাশ্রয়ী, সহজলভ্য ও টেকসই স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে। এদিকে BUHS-এর উপাচার্য অধ্যাপক জে. এম. এ. হান্নান-এর সভাপতিত্বে মূল প্রবন্ধ প্রবর্তন করেন যুক্তরাজ্যের গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের পপুলেশন হেলথ রিসার্চের অধ্যাপক এবং ACROSS প্রজেক্টের কো-চিফ ইনভেস্টিগেটর অধ্যাপক রড এস. টেইলার এবং পাকিস্তানের জিয়াউদ্দিন ইউনিভার্সিটি হাসপাতালের অধ্যাপক ও ACROSS প্রজেক্টের কো-চিফ ইনভেস্টিগেটর অধ্যাপক ইমরান বি. চৌধুরী। তাদের উপস্থাপনায় হৃদরোগ থেকে সুস্থ হয়ে ওঠার রোগীদের জন্য একটি সাশ্রয়ী, সাংস্কৃতিকভাবে উপযোগী এবং হোম-বেইজড কার্ডিয়াক রিহ্যাবিলিটেশন মডেল তৈরির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়, যেখানে মানসিক স্বাস্থ্য সহায়তাও অন্তর্ভুক্ত থাকবে।
সভায় বিশেষ অতিথি হিসেবে ন্যাশনাল প্রফেসর ডা. এ কে আজাদ খান (সভাপতি, BADAS), অধ্যাপক ডা. মোহাম্মদ সফিউদ্দিন (সভাপতি, বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটি), এবং অধ্যাপক ডা. এফ. এম. সিদ্দিকী (উপাচার্য, বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি) উপস্থিত ছিলেন। তারা সবাই হৃদরোগ ব্যবস্থাপনায় বহুমুখী সহযোগিতা এবং একটি কার্যকর পুনর্বাসন ব্যবস্থার গুরুত্ব তুলে ধরেন।
ACROSS-BD প্রজেক্টটি যুক্তরাজ্যের ন্যাশনাল ইনস্টিটিউট ফর হেলথ অ্যান্ড কেয়ার রিসার্চের অর্থায়নে পরিচালিত একটি পাঁচ বছরের আন্তর্জাতিক গবেষণা কর্মসূচি। এই প্রজেক্টে নেতৃত্ব দিচ্ছে যুক্তরাজ্যের গ্লাসগো বিশ্ববিদ্যালয় ও ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়। বাংলাদেশে এটি বাস্তবায়ন করছে বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস। বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ এবং ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের সঙ্গে সহযোগিতা করছে। আন্তর্জাতিক পর্যায়ে পাকিস্তানের এবং PILL সহ আরও কয়েকটি প্রতিষ্ঠান এই প্রকল্পের সাথে যুক্ত রয়েছে।
আজকের স্টেকহোল্ডার সভাটি দেশের জাতীয় স্বাস্থ্য অগ্রাধিকারের সাথে প্রকল্পের লক্ষ্যকে সামঞ্জস্যপূর্ণ করার এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক : সুজন মাহমুদ মোবাইল: 01713915888
নির্বাহী পরিচালক মোঃ আনিছুর রহমান মোবাইল: 01714236204
Copyright © 2026 sbtv24. All rights reserved.