
চট্টগ্রামে ইনকিলাব মঞ্চের আয়োজনে অনুষ্ঠিত ‘মেহফিল-এ-ইনকিলাব’ অনুষ্ঠানে সংগঠনটির আহ্বায়ক আবদুল্লাহ আল জাবের শরীফ ওসমান হাদিকে স্মরণ করে কান্নায় ভেঙে পড়েন। মঞ্চের সামনে বসে থাকা এক যুবকও অঝোরে কাঁদতে দেখা যায়। অনুষ্ঠানটির একটি ভিডিও পরবর্তী সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যাতে জাবের ও অজ্ঞাত পরিচয় যুবকের কান্নার দৃশ্য ধরা পড়ে।
রোববার (৮ নভেম্বর) রাতে নগরের চকবাজার থানার প্যারেড ময়দানে এ আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয়। ভিডিওটিতে দেখা যায়, মঞ্চে দাঁড়িয়ে জাবের ওসমান হাদির স্মরণে বক্তব্য দিচ্ছেন। একপর্যায়ে তিনি আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন। একই সময় মঞ্চের সামনে বসে থাকা এক যুবকও কান্নায় ভেঙে পড়ে। তাকে বারবার বলতে শোনা যায়, “আমার ভাই মরে গেল আল্লাহ! আমাদের জন্যই রেখে দিল না কেন? তারে কেন নিলে আল্লাহ?”
বক্তব্যে জাবের বলেন, “আমি শুধুমাত্র বারবার বলছিলাম, দেখেন হাদি ভাই, আপনি তো শুধু জাবেরকে নিয়ে এই লড়াইটা শুরু করেছিলেন। আজকে এখানে হাজার হাজার মানুষ আপনার ইনকিলাবের যোদ্ধাদের হাল ধরে বসে আছে।” তিনি আরও বলেন, “আমরা আমাদের শাহাদাতের আগ পর্যন্ত শহীদ ওসমানের জন্য লড়াই করে যাব। যে কারণে শহীদ ওসমান হাদিকে হত্যা করা হয়েছে, ওই দিল্লির মসনদ ঘুরিয়ে না দেওয়ার পর্যন্ত আমরা থামব না।”
জাবের বলেন, “আমরা কাঁদব, আমরা হাসব, আমরা লড়াই করব; কিন্তু এই রাজপথ, এই জমিন ছেড়ে যাব না।” দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও ইনসাফ প্রতিষ্ঠায় ওসমান হাদির অসমাপ্ত লড়াই এগিয়ে নেওয়ারও অঙ্গীকার করেন তিনি।
‘মেহফিল-এ-ইনকিলাব’ অনুষ্ঠানে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা শিল্পী ও সাংস্কৃতিক সংগঠনগুলো আঞ্চলিক গান পরিবেশন করে। সাংস্কৃতিক আধিপত্যের বিরুদ্ধে অবস্থান এবং আঞ্চলিক সংস্কৃতি ও সংগীত সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষ্যেই এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে নির্মিত একটি প্রামাণ্যচিত্রও প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানের বিভিন্ন পর্যায়ে ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে স্লোগান দেন ইনকিলাব মঞ্চের নেতা-কর্মীরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে জামায়াতে ইসলামী মনোনীত মেয়র প্রার্থী ও দলটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, অভিনেতা আসাদুজ্জামান আসাদ এবং ইনকিলাব মঞ্চের কেন্দ্রীয় সদস্যসচিব ফাতিমা তাসনীম জুমাসহ অনেকে।
সম্পাদক ও প্রকাশক : সুজন মাহমুদ মোবাইল: 01575626551
নির্বাহী পরিচালক মোঃ আনিছুর রহমান মোবাইল: 01714236204
Copyright © 2026 sbtv24. All rights reserved.