
নিজস্ব প্রতিবেদক: দেশের শ্রমজীবী মানুষের জন্য উন্নত ও বিশেষায়িত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ছয়টি গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলে ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। প্রাথমিক পর্যায়ে গাজীপুরের টঙ্গী, আশুলিয়া, কালিয়াকৈর, নারায়ণগঞ্জ, সাভার ও চট্টগ্রামে এসব হাসপাতাল স্থাপনের পরিকল্পনা করা হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের প্রথম দিনের বৈঠকে এ পরিকল্পনার কথা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাসের এক অনির্ধারিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী সরকারের এ উদ্যোগের কথা তুলে ধরেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
প্রধানমন্ত্রী বলেন, শ্রমজীবী মানুষের জন্য মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্য বাস্তবায়নে দেশের গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলগুলোতে প্রাথমিকভাবে ১০০ শয্যাবিশিষ্ট ছয়টি হাসপাতাল নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি জানান, টঙ্গী, আশুলিয়া, কালিয়াকৈর, নারায়ণগঞ্জ, সাভার ও চট্টগ্রামে একটি করে হাসপাতাল নির্মাণ করা হবে। এসব হাসপাতালে বিশেষভাবে শ্রমিক ও শ্রমজীবী মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করা হবে। হাসপাতালগুলোর নামকরণ ও নির্মাণ পরিকল্পনাতেও শ্রমিকদের কল্যাণ ও সেবার বিষয়টি গুরুত্ব পাবে।
এর আগে গত ৪ নভেম্বর শ্রমিক ও মালিকপক্ষের মধ্যে চলমান বিভিন্ন সমস্যা ও সংকট নিরসনে আয়োজিত এক বৈঠক শেষে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছিলেন, গাজীপুরের টঙ্গীতে শ্রমিকদের জন্য ১০০ শয্যার হাসপাতাল নির্মাণে প্রধানমন্ত্রী অনুমোদন দিয়েছেন। একই সঙ্গে এক সপ্তাহের মধ্যে প্রকল্পটির প্রাথমিক প্রক্রিয়াগত কাজ শুরুর কথাও জানিয়েছিলেন তিনি।
সরকারের এ উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের প্রধান শিল্পাঞ্চলগুলোতে কর্মরত শ্রমিকদের চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ আরও বাড়বে। বিশেষ করে গার্মেন্টসসহ বিভিন্ন শিল্পকারখানার শ্রমিকদের জরুরি ও নিয়মিত চিকিৎসাসেবা নিশ্চিত করার ক্ষেত্রে হাসপাতালগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক : সুজন মাহমুদ মোবাইল: 01575626551
নির্বাহী পরিচালক মোঃ আনিছুর রহমান মোবাইল: 01714236204
Copyright © 2026 sbtv24. All rights reserved.