
নিজস্ব প্রতিবেদক: মন্ত্রিসভায় অনুমোদনের পরও নির্ধারিত সময়ে জাতীয় সংসদে বিল উত্থাপনের জন্য না পাঠানোয় মন্ত্রীদের প্রতি অসন্তোষ প্রকাশ করেছেন সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। ভবিষ্যতে এ ধরনের বিলম্ব এড়িয়ে যথাসময়ে সংসদে বিল পাঠানোর জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে সতর্ক করেছেন তিনি।
সোমবার (৯ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে ‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০২৬’ উত্থাপনের সময় এ অসন্তোষ প্রকাশ করেন ডেপুটি স্পিকার। ওই সময় অধিবেশনে সভাপতিত্ব করছিলেন তিনি। গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বিলটি সংসদে উত্থাপন করেন।
সংসদে বিলটি উপস্থাপনের ক্ষেত্রে প্রায় চার মাস বিলম্বের বিষয়টি উল্লেখ করে ডেপুটি স্পিকার বলেন, মন্ত্রিসভায় অনুমোদনের পর এত দীর্ঘ সময় পার হয়ে যাওয়ায় তাঁকে বিশেষ ক্ষমতা প্রয়োগ করে সময়ের বিলম্ব মঞ্জুর করতে হয়েছে।
তিনি আরও বলেন, নির্বাহী বিভাগ থেকে আইন বিভাগে যথাসময়ে বিল পাঠানো হচ্ছে না। এ কারণে সংসদ সদস্যরা বিলগুলো আগেভাগে পর্যালোচনা করার পর্যাপ্ত সুযোগ পাচ্ছেন না। সংসদের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে এ ধরনের বিলম্ব কাম্য নয়।
গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রীকে উদ্দেশ করে ডেপুটি স্পিকার বলেন, বিলটি উত্থাপনের অনুমতি দেওয়া হচ্ছে। তবে ভবিষ্যতে এ বিষয়ে আরও সতর্ক থাকতে হবে।
উল্লেখ্য, গত ২৩ জুলাই মন্ত্রিসভার বৈঠকে ‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০২৬’-এর খসড়া চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছিল। মন্ত্রিসভায় অনুমোদনের পর সংসদে বিলটি উত্থাপন করতে প্রায় চার মাস সময় লেগে যায়।
এর আগেও বিভিন্ন মন্ত্রণালয় থেকে সংসদে বিল পাঠাতে বিলম্বের বিষয়ে অসন্তোষ প্রকাশ করে সতর্ক করেছিলেন ডেপুটি স্পিকার। সংসদীয় কার্যক্রমে গতি আনা এবং সংসদ সদস্যদের যথাসময়ে বিল পর্যালোচনার সুযোগ নিশ্চিত করতে তিনি এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর আরও দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করেন।
সম্পাদক ও প্রকাশক : সুজন মাহমুদ মোবাইল: 01575626551
নির্বাহী পরিচালক মোঃ আনিছুর রহমান মোবাইল: 01714236204
Copyright © 2026 sbtv24. All rights reserved.