
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সিদ্ধিরগঞ্জ থানাধীন জালকুড়ি ঝুটপট্টি এলাকায় একটি গার্মেন্টস ওয়েস্টেজ এবং ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রাত ৯টা ৩৫ মিনিটের দিকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে জানা যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃষ্টি থামার পর হঠাৎ জালকুড়ি এলাকার ঝুটপট্টিতে থাকা গার্মেন্টসের ওয়েস্টেজ ও ঝুটের গোডাউনে আগুন লাগে। গোডাউনে প্রচুর পরিমাণ দাহ্য ওয়েস্টেজ কাপড় থাকায় আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা অনেক দূর থেকেও দেখা যায়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে, বৃষ্টির সময় বজ্রপাতের কারণে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে আগুনের প্রকৃত কারণ উদঘাটনের জন্য তদন্ত চলমান রয়েছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন পুরোপুরি নির্বাপণের পর ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুনের প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
সম্পাদক ও প্রকাশক : সুজন মাহমুদ মোবাইল: 01575626551
নির্বাহী পরিচালক মোঃ আনিছুর রহমান মোবাইল: 01714236204
Copyright © 2026 sbtv24. All rights reserved.