
কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমুল উত্তরপাড়া আজিজিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার প্রাঙ্গণে সোমবার (৯ নভেম্বর ২০২৬) দুপুরে হিফজ সম্পন্ন পাঁচ শিক্ষার্থীর সম্মাননা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে হাফিজের সনদ পাওয়া পাঁচ শিক্ষার্থীকে পাগড়ি, সম্মাননা স্মারক ও প্রয়োজনীয় উপকরণ প্রদান করা হয়।
মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আয়েত আলীর সভাপতিত্বে এবং প্রধান মুহতামিম হাফেজ মাওলানা হারুনর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন হাজী আব্দুল আজিজ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও মাদ্রাসার প্রতিষ্ঠাতা আমেরিকা প্রবাসী অ্যাডভোকেট হাজী ফজলুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং ইসলাম কমপ্লেক্সের স্বত্বাধিকারী ও বাকশীমুল উত্তরপাড়া জামে মসজিদ কমিটির সভাপতি হাজী মফিজুল ইসলাম। ধর্মীয় আলোচনা দিয়েছেন মুফতি আবু মুসা রহমানি ও মুফতি মাহাদী। বরকতময় দোয়া ও মোনাজাত পরিচালনা করেছেন বাকশীমুল সুন্নিয়া ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মফিজুল ইসলাম।
দোয়া মাহফিলে বাকশীমুল সুন্নিয়া ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসার শিক্ষা সফরে নিহত ও আহতদের সুস্থতা, কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য হাজী জসিম উদ্দিনের মাতার সুস্থতা কামনায় বিশেষ প্রার্থনা করা হয়েছে।
পাগড়ি ও সম্মাননা গ্রহণকারী পাঁচ হাফেজ হলেন— হাফেজ মো. জহিরুল ইসলাম তানিম, হাফেজ মো. বিল্লাল হোসেন, হাফেজ মো. শোয়াইব উল্লাহ, হাফেজ মো. সাকিব উল্লাহ ও হাফেজ মো. আবু বকর।
প্রধান অতিথি অ্যাডভোকেট হাজী ফজলুল হক হিফজ সম্পন্ন শিক্ষার্থীদের মোবারকবাদ জানিয়ে বলেন, এই সাফল্যের পেছনে শিক্ষার্থীদের পিতা-মাতার ত্যাগ এবং মাদ্রাসার শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম ও সঠিক দিকনির্দেশনা কাজ করেছে। তিনি অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, পবিত্র কোরআন শুধু মুখস্থ করা নয়, এর আদেশ-নিষেধ বাস্তব জীবনে মেনে চলা আবশ্যক। নবীন হাফেজরা ভবিষ্যতে সমাজে শান্তি, নৈতিকতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করবেন বলে আশা জানিয়েছেন তিনি। এছাড়া এতিম ও দুস্থ শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এবং দ্বীনি শিক্ষার প্রসার অব্যাহত রাখতে মাদ্রাসা প্রতিষ্ঠানগুলোকে সামাজিক ও অর্থনৈতিকভাবে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন প্রধান অতিথি।
অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক বড় সংখ্যক উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : সুজন মাহমুদ মোবাইল: 01575626551
নির্বাহী পরিচালক মোঃ আনিছুর রহমান মোবাইল: 01714236204
Copyright © 2026 sbtv24. All rights reserved.