
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন ডাচেস অব এডিনবরা সোফি
যুক্তরাজ্যের রাজপরিবারের সদস্য ও ডাচেস অব এডিনবরার সোফি হেলেন রাইস-জোনস মঙ্গলবার কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে নারী, শিশু ও প্রতিবন্ধীদের জীবনযাত্রা, শিক্ষা এবং মানবিক সহায়তা কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেছেন। সকাল থেকে বিকেল পর্যন্ত তিনি ক্যাম্প ৪, ক্যাম্প ৫, ক্যাম্প ১৮ ও ক্যাম্প ২০ ঘুরে দেখেন।
ক্যাম্প ১৮-এর বি-১ ব্লকে একটি শিক্ষাকেন্দ্র পরিদর্শন করেন এবং রোহিঙ্গা শিশুদের পাঠদান কার্যক্রম ও পড়াশোনার বিষয়ে খোঁজখবর নেওয়া হয়। একই ক্যাম্পে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইএওএম)-এর 'উইমেন অ্যান্ড গার্ল সেফ স্পেস' ঘুরে দেখেন তিনি। ক্যাম্প ২০-এ আইএওএম ও পার্লসের উদ্যোগে পরিচালিত একটি সাবান তৈরির কারখানা পরিদর্শন করেন এবং উৎপাদিত সাবানের সংরক্ষণ ও বিনামূল্যে শরণার্থীদের বিতরণের ব্যবস্থা সম্পর্কে অবহিত হন। ক্যাম্প ৪-এ ইউএন উইমেন পরিচালিত মাল্টিপারপাস সেন্টার পরিদর্শন করে প্রতিবন্ধী নারী ও শিশুদের সহায়তা কার্যক্রম সম্পর্কে ধারণা নেন।
সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, সোফির এই সফরের উদ্দেশ্য ছিল নারীদের নিরাপত্তা, ক্ষমতায়ন ও শিক্ষা নিয়ে পরিচালিত উদ্যোগগুলো সরেজমিনে পর্যবেক্ষণ করা এবং বাংলাদেশ ও যুক্তরাজ্যের মানবিক সহযোগিতার বিভিন্ন দিক সম্পর্কে ধারণা নেওয়া। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, রোহিঙ্গা আশ্রয়শিবিরে নারী, শিশু ও প্রতিবন্ধী ব্যক্তিদের মানবিক সহায়তায় দেশি-বিদেশি বিভিন্ন সংস্থা কাজ করছে। এই সফরের মাধ্যমে রোহিঙ্গা সংকট মোকাবিলায় মানবিক সংস্থার কার্যক্রম এবং বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ সরকারের অব্যাহত প্রচেষ্টা তুলে ধরার সুযোগ তৈরি হয়েছে।
উখিয়ায় অবস্থিত ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত ডিআইজি সিরাজ আমিন জানান, ডাচেস সোফির সফর নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছিল। ক্যাম্পের ভেতরে নিরাপত্তার দায়িত্বে ছিলেন এপিবিএনের সদস্যরা এবং বাইরে পুলিশ দায়িত্ব পালন করেছে। বিকেল সাড়ে তিনটার দিকে ক্যাম্প পরিদর্শন শেষে কক্সবাজার বিমানবন্দরের উদ্দেশে রওনা হন ডাচেস সোফি। সন্ধ্যায় ঢাকার উদ্দেশে কক্সবাজার ত্যাগ করেন তিনি।
ডাচেস অব এডিনবরা সোফি ১৯৬৫ সালের ২০ জানুয়ারি যুক্তরাজ্যের অক্সফোর্ডে জন্মগ্রহণ করেন। ১৯৯৯ সালের ১৯ জুন প্রিন্স এডওয়ার্ডের সঙ্গে তার বিয়ে হয়। ২০২৩ সালে প্রিন্স এডওয়ার্ড উপাধি পাওয়ার পর সোফি ডাচেস অব এডিনবরা হিসেবে পরিচিতি লাভ করেন। এর আগে ২০১৭ সালেও তিনি বাংলাদেশ সফর করেছিলেন।
সম্পাদক ও প্রকাশক : সুজন মাহমুদ মোবাইল: 01575626551
নির্বাহী পরিচালক মোঃ আনিছুর রহমান মোবাইল: 01714236204
Copyright © 2026 sbtv24. All rights reserved.