
কক্সবাজারে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকের ওপর হামলা, হয়রানি ও ছিনতাইয়ের অভিযোগ উঠেছে ছাত্রদলের এক নেতার বিরুদ্ধে। সাংবাদিক এরফান হোসাইন এই ঘটনার শিকার হন। তিনি দৈনিক পূর্বকোণ ও দৈনিক ভোরের দর্পণের কক্সবাজার জেলা প্রতিনিধি। মঙ্গলবার বিকেলে কক্সবাজার আদালত চত্বর এলাকায় এ ঘটনা ঘটে।
সাংবাদিকের অভিযোগ, নিষিদ্ধ ঘোষিত আওয়ারী লীগের বিরুদ্ধে ছাত্রদলের পূর্বনির্ধারিত বিক্ষোভ মিছিলের সংবাদ সংগ্রহের সময় রহিম উল্লাহ খান রানা নামে এক ছাত্রদল নেতার নেতৃত্বে কয়েকজন তাকে বাধা দেয়। একপর্যায়ে তার ওপর হামলা ও হয়রানি করা হয়।
এরফান হোসাইন জানান, মঙ্গলবার প্রকাশিত একটি অনুসন্ধানী প্রতিবেদনকে কেন্দ্র করে সকাল থেকেই ওই ছাত্রদল নেতা তাকে হুমকি দিচ্ছিলেন। প্রকাশিত প্রতিবেদনে ওই নেতার ভাই হিরুর নাম আসায় তিনি ক্ষুব্ধ ছিলেন। এর জের ধরেই বিকেলে আদালত চত্বরে তার ওপর হামলা চালানো হয়।
ভুক্তভোগী সাংবাদিক আরও অভিযোগ করেন, হামলার সময় তার ব্যবহৃত মোবাইল ফোন, ড্রোন ও মানিব্যাগ ছিনিয়ে নেওয়া হয়। এছাড়াও ঘটনাস্থল ত্যাগ করার সময় ভবিষ্যতে সংবাদ প্রকাশ করলে তাকে হত্যার হুমকি দেওয়া হয়।
এরফান হোসাইন বলেন, 'আমি এ ঘটনার বিচার চাই। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে যদি সাংবাদিকদের এভাবে হামলা ও হয়রানির শিকার হতে হয়, তবে ভবিষ্যতে স্বাধীনভাবে সংবাদ প্রকাশ করা সম্ভব হবে না।' তিনি চিকিৎসা শেষে থানায় লিখিত অভিযোগ করবেন বলে জানিয়েছেন।
ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের শনাক্ত এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন কক্সবাজারের সাংবাদিক মহল।
এ বিষয়ে অভিযুক্ত ছাত্রদল নেতা রহিম উল্লাহ খান রানার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, এখন পর্যন্ত লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক : সুজন মাহমুদ মোবাইল: 01575626551
নির্বাহী পরিচালক মোঃ আনিছুর রহমান মোবাইল: 01714236204
Copyright © 2026 sbtv24. All rights reserved.