
যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার ডি. হাস বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে জানা গেছে, শুক্রবার রাত ৩টার দিকে তিনি রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে ওঠেন এবং আগামী ১৯ নভেম্বর বিকাল পর্যন্ত বাংলাদেশে থাকবেন। তবে তাঁর এই সফরের উদ্দেশ্য এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। এটি ব্যবসায়িক সফর, নাকি অন্য কোনো কারণ, সে বিষয়ে স্পষ্ট তথ্য পাওয়া যায়নি।
বাংলাদেশে প্রায় তিন বছর রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করা পিটার হাস ২০২৪ সালের সেপ্টেম্বরে মার্কিন পররাষ্ট্র দপ্তরের চাকরি থেকে স্বেচ্ছায় অবসর নেন। এরপর তিনি যুক্তরাষ্ট্রের বেসরকারি জ্বালানি প্রতিষ্ঠান অ্যাকসিলারেট এনার্জিতে যোগ দেন। বর্তমানে তিনি প্রতিষ্ঠানটিতে কৌশলগত উপদেষ্টা হিসেবে কর্মরত এবং কোম্পানিটির বাংলাদেশ-সংশ্লিষ্ট কার্যক্রমের দায়িত্বেও রয়েছেন।
অ্যাকসিলারেট এনার্জি বাংলাদেশে দুটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনাল ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত। এর একটি টার্মিনালের মালিক প্রতিষ্ঠানটি নিজেই, অন্যটি সামিট গ্রুপের কাছ থেকে ভাড়া নেওয়া। এ ছাড়া ২০২৬ সালের শুরু থেকে প্রতিষ্ঠানটির কাছ থেকে এলএনজি কেনার চুক্তি রয়েছে সরকারের। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে বাংলাদেশ জ্বালানি আমদানির একটি দীর্ঘমেয়াদি চুক্তি করেছে। ওই চুক্তির আওতায় অ্যাকসিলারেট এনার্জি আগামী ১৫ বছরে ধাপে ধাপে বাংলাদেশে ১ লাখ কোটি টাকার এলএনজি সরবরাহ করবে।
বাংলাদেশে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব নেওয়ার পর পিটার হাস অবাধ, নির্বাচন কমিশন, সুশীল সমাজ, তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং বিরোধী দলগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠক করেন। তাঁর এসব তৎপরতার বিষয়ে তৎকালীন আওয়ামী লীগ সরকারের পক্ষ থেকে একাধিকবার আপত্তি জানানো হয় এবং তাঁর কূটনৈতিক আচরণকে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপের শামিল বলে অভিযোগ করা হয়। অন্যদিকে, বিএনপি ও জামায়াতসহ বিরোধী দলগুলোর কাছে তিনি বেশ গ্রহণযোগ্য ছিলেন।
২০২৪ সালের ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর পিটার হাস জানিয়েছিলেন, নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হয়নি।
সম্পাদক ও প্রকাশক : সুজন মাহমুদ মোবাইল: 01575626551
নির্বাহী পরিচালক মোঃ আনিছুর রহমান মোবাইল: 01714236204
Copyright © 2026 sbtv24. All rights reserved.