
১৪৭ পোশাক কারখানা বন্ধ ঘোষণার দাবি বিজিএমইএ সভাপতির
দেশের তৈরি পোশাক খাতে চলমান অস্থিরতার মধ্যে ১৪৭টি কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হয়েছে বলে দাবি করেছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খান।
শনিবার (১৪ নভেম্বর) দুপুরে গণমাধ্যমের সাথে আলাপকালে তিনি এই তথ্য জানান।
বিজিএমইএ সভাপতি দাবি করেন, পোশাক খাতে একটি নির্দিষ্ট মহল উদ্দেশ্যমূলকভাবে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। তার কথায়, এর ফলে কারখানার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি দেশের প্রধান রপ্তানি আয় মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে।
তিনি আরও বলেন, পোশাক শিল্প ও দেশের অর্থনীতিকে ক্ষতি করতে চাওয়া একটি মহল খাতের মধ্যে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। পরিস্থিতি পরিবর্তনের সাথে সাথে এই মহলের পরিচয়ও পরিবর্তিত হচ্ছে বলে সভাপতির দাবি।
বিজিএমইএ কোনো লেজুড়বৃত্তিক সংগঠন নয় বলে তিনি স্পষ্ট করেন। নেতাদের ব্যক্তিগত রাজনৈতিক পরিচয় থাকলেও সংগঠনের কোনো রাজনৈতিক এজেন্ডা নেই। যে সরকার ক্ষমতায় থাকে, বিজিএমইএ তাদের সাথে কাজ করে এবং সহযোগিতার চেষ্টা করে।
ন্যূনতম মজুরি বোর্ড গঠন প্রসঙ্গে মাহমুদ হাসান খান জানান, ১ নভেম্বর বোর্ড গঠিত হয়েছে। তবে তার আগেই, অক্টোবরের শেষ সপ্তাহ থেকে শিল্প খাতে বিশৃঙ্খলার পরিস্থিতি তৈরি হতে শুরু করে।
তিনি দাবি করে বলেন, অক্টোবরের আগে শ্রমিকদের উঠে আসা দাবিগুলোর যৌক্তিকতা থাকতে পারে। কিন্তু ১ নভেম্বর মজুরি বোর্ড গঠনের পর থেকে বর্তমান পর্যন্ত যে পরিস্থিতি তৈরি হয়েছে, তা কোনোভাবেই যৌক্তিক নয়।
মজুরি বোর্ড গঠনের প্রথম দিনেই নতুন মজুরি কার্যকর হওয়ার তারিখ ঘোষণার পরেও অরাজক পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে বলে সভাপতির অভিমত। তার কথায়, মালিকপক্ষকে চাপের মুখে ফেলে অযৌক্তিক মজুরি ঘোষণার চেষ্টা থাকতে পারে, আবার এর পেছনে অন্য কোনো অভিসন্ধিও থাকতে পারে।
পোশাক শিল্পের মালিক ও সংশ্লিষ্ট সকলেই দেশপ্রেমিক এবং আইন মেনে চলতে চান বলে বিজিএমইএ সভাপতি জানান। একই সাথে অন্য সকলকে আইন মেনে চলতে এবং কেউ আইন নিজের হাতে না নিতে আহ্বান জানিয়েছেন তিনি।
সম্পাদক ও প্রকাশক : সুজন মাহমুদ মোবাইল: 01575626551
নির্বাহী পরিচালক মোঃ আনিছুর রহমান মোবাইল: 01714236204
Copyright © 2026 sbtv24. All rights reserved.