
ফরিদপুরে ট্রাকের ধাক্কায় নিহত ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী সৌম্যদীপ সিকদার (১৩)। শনিবার (১৪ নভেম্বর) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর শহরের রাজবাড়ি রাস্তার মোড়ে এই দুর্ঘটনা ঘটে। ঘটনায় সৌম্যদীপের বাবা সুমন সিকদার গুরুতর আহত হয়েছেন।
নিহত সৌম্যদীপ ফরিদপুর সদর উপজেলার কানাইপুর বাজারের ব্যবসায়ী সুমন সিকদারের বড় ছেলে। সে ফরিদপুর পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির 'ঘ' শাখার শিক্ষার্থী ছিল। পরিবারের বাড়ি কানাইপুরের সিকদার বাড়ি এলাকায়।
পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে সুমন সিকদার মোটরসাইকেলে করে ছেলেকে শহরের একটি কোচিং সেন্টারে নিয়ে যাচ্ছিলেন। রাজবাড়ি রাস্তার মোড়ে পৌঁছালে একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে বাবা ও ছেলে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসার পর সৌম্যদীপের অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আহত বাবা সুমন সিকদার বর্তমানে ফরিদপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
সৌম্যদীপের মৃত্যুর খবরে কানাইপুর বাজার ও আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে আসে। তার সহপাঠী, স্বজন ও স্থানীয়দের মধ্যে গভীর শোক প্রকাশ পায়।
এ বিষয়ে করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, দুর্ঘটনার বিষয়ে তাদের কাছে এখনো কোনো অভিযোগ বা তথ্য পৌঁছায়নি। এখন পর্যন্ত কেউ থানায় বিষয়টি জানাননি বলে তিনি উল্লেখ করেন।
সম্পাদক ও প্রকাশক : সুজন মাহমুদ মোবাইল: 01575626551
নির্বাহী পরিচালক মোঃ আনিছুর রহমান মোবাইল: 01714236204
Copyright © 2026 sbtv24. All rights reserved.