
বাউফলে নিখোঁজের সাত দিন পর বৃদ্ধের খণ্ডিত মরদেহ উদ্ধার, নারীসহ গ্রেপ্তার ২
পটুয়াখালীর বাউফলে নিখোঁজের সাত দিন পর রুহুল আমিন সিকদার (৬৫) নামে এক বৃদ্ধের খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের তদন্ত সূত্রে জানানো হয়েছে, হত্যার আগে তাকে শরবতের সঙ্গে ১১টি ঘুমের ওষুধ মিশিয়ে খাওয়ানো হয়; অচেতন হয়ে পড়ার পর শ্বাসরোধে হত্যার পর মরদেহের মাথা, দুই হাত ও দুই পা বিচ্ছিন্ন করে আশপাশের বিভিন্ন স্থানে ফেলে দেওয়া হয়।
এই ঘটনায় সাহিদা বেগম (৫৫) ও আবুল বাশার (৪০) নামে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার দুজনের বাড়ি উপজেলার কালিশুরী ইউনিয়নের পোনাহুরা গ্রামে। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সোহেল (৩৫) নামে আরও একজন এখনো পলাতক রয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
শনিবার বাউফল থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে হত্যাকাণ্ডের বিবরণ তুলে ধরেন বাউফল সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) সব্যসাচী মজুমদার। অনুষ্ঠানে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম ও দ্বিতীয় কর্মকর্তা এসআই খোরশেদ আলম উপস্থিত ছিলেন।
পুলিশের তথ্য অনুযায়ী, নিহত রুহুল আমিনের বাড়ি উপজেলার কেশবপুর ইউনিয়নের বাজেমহল গ্রামে। তিনি স্ত্রী ও সন্তানদের নিয়ে ঢাকায় বসবাস করতেন। মামলাসংক্রান্ত কাজে তিনি ৪ নভেম্বর পটুয়াখালী আসেন। ৬ নভেম্বর সন্ধ্যায় নুরাইনপুর বাজারে যাওয়ার পর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি।
নিখোঁজের কয়েক দিন পর গত বৃহস্পতিবার সকালে কালিশুরী ইউনিয়নের পোনাহুরা গ্রামে সড়কের পাশে একটি বিচ্ছিন্ন হাত দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ওই হাতটি উদ্ধার করে। পরদিন শুক্রবার একই এলাকা থেকে আরও একটি হাত ও দুটি পা উদ্ধার করা হয়।
এরপর পুলিশ তদন্ত শুরু করে সাহিদা বেগম ও আবুল বাশারকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে শনিবার দুপুরে মরদেহের বাকি অংশ এবং বিকেল সাড়ে তিনটার দিকে মাথা উদ্ধার করা হয়।
সংবাদ সম্মেলনে এএসপি সব্যসাচী মজুমদার জানান, পুলিশের তদন্তে পাওয়া তথ্য অনুযায়ী, ৬ নভেম্বর রাত সাড়ে দশটার দিকে সাহিদা বেগম রুহুল আমিনকে ঘুমের ওষুধ মিশ্রিত শরবত খাওয়ান। তিনি অচেতন হয়ে পড়লে আবুল বাশার তার মুখে বালিশ চেপে ধরেন এবং সোহেল গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করেন বলে পুলিশের বক্তব্যে উল্লেখ করা হয়।
পুলিশের ভাষ্যমতে, হত্যার পর সাহিদা বেগমের বসতঘর থেকে প্রায় ১০০ গজ দূরে একটি কলাবাগানে মরদেহ নেওয়া হয়। সেখানে বিশেষ ধরনের চাকু দিয়ে মাথা ও হাত-পা বিচ্ছিন্ন করা হয় এবং খণ্ডিত অংশগুলো আশপাশের ডোবা ও ঝোপঝাড়ে ফেলে রাখা হয়।
পুলিশ জানায়, সাহিদা বেগম একজন বিধবা এবং বাড়িতে একাই থাকতেন। নিহত রুহুল আমিন তার আত্মীয় ছিলেন এবং দুজনের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। ঘটনার রাতে নুরাইনপুর বাজার থেকে রুহুল আমিন সাহিদার বাড়িতে গিয়েছিলেন।
হত্যার কারণ সম্পর্কে এএসপি সব্যসাচী মজুমদার বলেন, অর্থনৈতিক এবং অন্যান্য কিছু কারণে রুহুল আমিনকে হত্যা করা হয়েছে। তবে এর পেছনে আরও কোনো কারণ জড়িত থাকতে পারে কি না, তা তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে বলে তিনি জানান।
এ ঘটনায় নিহতের ছেলে অ্যাডভোকেট ইমরান হোসেন শুক্রবার রাতে বাউফল থানায় হত্যা মামলা করেন। মামলায় সাহিদা বেগম ও আবুল বাশারকে গ্রেপ্তার দেখানো হয়েছে। পলাতক সোহেলকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
সম্পাদক ও প্রকাশক : সুজন মাহমুদ মোবাইল: 01575626551
নির্বাহী পরিচালক মোঃ আনিছুর রহমান মোবাইল: 01714236204
Copyright © 2026 sbtv24. All rights reserved.