
কিশোরগঞ্জ পৌরসভার মেয়র প্রার্থী ও আলমগীর হোসেন সিটির ব্যবস্থাপনা পরিচালক শিল্পপতি মো. শফিকুল আলম শিপলু ব্যক্তিগত উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রম চালিয়েছেন। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে তিনি কিশোরগঞ্জ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের আশপাশে নিজ হাতে স্প্রে মেশিন নিয়ে মশক নিধন স্প্রে ছিটিয়ে উদ্যোগের শুভসূচনা করেন। এ কার্যক্রমের লক্ষ্য হলো ডেঙ্গুর ঝুঁকি কমানো, মশার প্রজননস্থল ধ্বংস করা এবং জনস্বাস্থ্য সুরক্ষায় সাধারণ মানুষকে সচেতন করা।
কার্যক্রমের আওতায় কিশোরগঞ্জ জেলা শহরের মা ও শিশু কল্যাণ কেন্দ্র, ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল, নার্সিং ইনস্টিটিউট, ডায়াবেটিস হাসপাতাল, বক্ষব্যাধি হাসপাতাল, শিশু সদন (বালিকা), চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, জেলা জজ আদালত ও জেলা প্রশাসকের কার্যালয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মশক নিধন স্প্রে ছিটানো হয়। ডেঙ্গুর প্রকোপের সময়ে এ ধরনের ব্যক্তিগত উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
কিশোরগঞ্জ জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক খন্দকার মাহবুবুর রহমান বলেন, ডেঙ্গু প্রতিরোধে মশার প্রজননস্থল ধ্বংস করা এবং আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা অত্যন্ত জরুরি। শুধু সরকারি উদ্যোগের ওপর নির্ভর না করে ব্যক্তি, প্রতিষ্ঠান ও সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে বলে মনে করেন তিনি।
কিশোরগঞ্জ মা ও শিশু কল্যাণ কেন্দ্রের মেডিকেল অফিসার (ক্লিনিক) ডা: মো: সাইদুল হাসান বলেন, ডেঙ্গু প্রতিরোধে মা ও শিশুর সুরক্ষায় কিছু জরুরি সতর্কতা মেনে চলা প্রয়োজন। এডিস মশা সাধারণত দিনের বেলায় কামড়ায়, সেই সময়ে শিশুদের খোলা জায়গায় কম রাখতে হবে। গর্ভবতী মায়েদের ডেঙ্গু হলে অতিরিক্ত সতর্কতা নিতে হবে বলে উল্লেখ করেন তিনি।
কিশোরগঞ্জ নার্সিং ইনস্টিটিউটের নার্সিং ইনস্ট্রাক্টর ইনচার্জ দিপন কুমার দত্ত বলেন, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই। হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠানসহ গুরুত্বপূর্ণ স্থানে মশক নিধন কার্যক্রম পরিচালনা ইতিবাচক উদ্যোগ হলেও, কোথাও যেন পানি জমে না থাকে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে বলে দেন তিনি।
কিশোরগঞ্জ ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল ইসলাম বলেন, ডেঙ্গুর প্রকোপের সময় মানুষের স্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের ব্যক্তিগত উদ্যোগ প্রশংসনীয়। জনস্বাস্থ্য রক্ষায় সমাজের সামর্থ্যবান ব্যক্তি ও বিভিন্ন প্রতিষ্ঠানকে এগিয়ে আসতে হবে বলে মনে করেন তিনি।
কিশোরগঞ্জ উত্তরণ সমাজ কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা শফিউল আলম শফিক বলেন, ডেঙ্গু প্রতিরোধে সমাজকর্মীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা তৃণমূল পর্যায়ের মানুষের আচরণ পরিবর্তন ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে কাজ করেন। এরই অংশ হিসেবে কিশোরগঞ্জের প্রয়াত এমপি আলমগীর হুসেনের নামে প্রতিষ্ঠিত আলমগীর সিটির আয়োজনে এই কার্যক্রম প্রশংসনীয় বলে মনে করেন তিনি।
নিজের উদ্যোগের বিষয়ে মো. শফিকুল আলম শিপলু বলেন, ডেঙ্গুর ভয়াবহ পরিস্থিতিতে মানুষের স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনা করেই ব্যক্তিগত উদ্যোগে মশক নিধন কার্যক্রম শুরু করেছেন। ডেঙ্গু শুধু একটি পরিবারের সমস্যা নয়, এটি পুরো সমাজের জন্য উদ্বেগের বিষয়। তাই শুধু নিজেরা সচেতন হলে হবে না, আশপাশের মানুষকেও সচেতন করতে হবে। মানুষের জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় যার যার অবস্থান থেকে এগিয়ে আসা আমাদের নৈতিক দায়িত্ব বলে উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, কিশোরগঞ্জ শহরকে ডেঙ্গুর ঝুঁকি থেকে সুরক্ষিত রাখতে সবাই সম্মিলিতভাবে কাজ করুক। এ উদ্যোগ অব্যাহত রাখার পাশাপাশি সাধারণ মানুষকে পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা এবং কোথাও পানি জমতে না দেওয়ার আহ্বান জানাই। ডেঙ্গু প্রতিরোধে শুধু মশক নিধন স্প্রে ছিটানোই যথেষ্ট নয়। বাড়ির আঙিনা, ছাদ, ফুলের টব, পরিত্যক্ত পাত্র ও আশপাশের জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করাও জরুরি বলে মনে করেন তিনি। ব্যক্তিগত সচেতনতা ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমেই মশার বংশবিস্তার নিয়ন্ত্রণ এবং ডেঙ্গুর ঝুঁকি কমানোর পথ তৈরি হতে পারে বলে উল্লেখ করেন শিপলু।
সম্পাদক ও প্রকাশক : সুজন মাহমুদ মোবাইল: 01713915888
নির্বাহী পরিচালক মোঃ আনিছুর রহমান মোবাইল: 01714236204
Copyright © 2026 sbtv24. All rights reserved.