
নড়াইলের কালিয়ায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের শোভাযাত্রায় হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন এবং আহত দুইজনের মৃত্যুর খবর স্থানীয়ভাবে ছড়িয়ে পড়েছে। তবে ওই দুইজনের মৃত্যুর বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষ বা পুলিশ এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি।
স্থানীয় ও দলীয় সূত্রের বরাত দিয়ে জানা যায়, বুধবার (১৮ নভেম্বর) কালিয়া উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ৪০ থেকে ৫০টি মোটরসাইকেল ও গাড়ি নিয়ে কালিয়া পৌরসভার বিভিন্ন সড়কে একটি প্রতিবাদী শোভাযাত্রা বের করেন। শোভাযাত্রাটি পৌরসভার বেন্দারচর গ্রামের রাস্তা দিয়ে বটগাছের উত্তর পাশের সড়ক হয়ে বিপ্লব বিশ্বাসের বাড়ির পূর্ব পাশে খালের কাছে পৌঁছালে হামলার শিকার হয়।
বিএনপির নেতাকর্মীদের অভিযোগ, আগে থেকেই ওই এলাকায় অবস্থান নেওয়া নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের তিন থেকে চার শতাধিক নেতাকর্মী শোভাযাত্রায় অতর্কিত হামলা চালান। অভিযোগ অনুযায়ী, হামলাকারীরা নেতাকর্মীদের মারধর করেন এবং কয়েকটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন। এতে এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।
আহতদের মধ্যে রয়েছেন কালিয়া পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মফিজুর রহমান (৪২), কালিয়া উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক শাহীন (৪৫) এবং বিএনপি নেতা সোহেল (৩৫)। স্থানীয়রা তাদের উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে শাহীন ও সোহেলের অবস্থার অবনতি হলে তাদের খুলনায় উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়।
এরপর গুরুতর আহত সোহেল ও শাহীনের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা গেছে, সোহেল বড় কালিয়া গ্রামের মরহুম মোতালেব মোল্লার ছেলে। তবে তাদের মৃত্যুর বিষয়ে সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষ বা পুলিশের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
বিএনপির পক্ষ থেকে হামলার জন্য আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীদের দায়ী করা হলেও পুলিশি তদন্তে এখন পর্যন্ত কারও সংশ্লিষ্টতা নিশ্চিত হয়নি। এ বিষয়ে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স. ম. ওয়াহিদুজ্জামান মিলুর সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।
সম্পাদক ও প্রকাশক : সুজন মাহমুদ মোবাইল: 01575626551
নির্বাহী পরিচালক মোঃ আনিছুর রহমান মোবাইল: 01714236204
Copyright © 2026 sbtv24. All rights reserved.