
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) অর্থনীতি বিভাগের দীর্ঘদিনের স্থানসংকট নিরসনে নির্মাণাধীন নতুন একাডেমিক ভবনের কাজ ২০২৮ সালের ডিসেম্বরের মধ্যে শেষ হওয়ার আশা করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী। তিনি বলেন, সবার সহযোগিতা পেলে নির্ধারিত সময়ের মধ্যে ভবনটির নির্মাণকাজ সম্পন্ন করা সম্ভব হবে, যা শিক্ষার্থীদের স্থানসংকটের সমস্যা অনেকাংশে দূর করবে।
বুধবার (১৮ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ আয়োজিত 'ইলিনর'স কমন্স' (Elinor's Commons) কর্নারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য এসব কথা বলেন। তিনি দায়িত্ব গ্রহণের পর থেকেই শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা শুনে পর্যায়ক্রমে সমাধানের চেষ্টা করছেন বলে উল্লেখ করেন। এ সময় গবেষণার মানোন্নয়নে চলতি অর্থবছরে পাঁচ লাখ টাকার ল্যাব সরঞ্জাম বরাদ্দের কথা জানান তিনি। চাহিদার ভিত্তিতে আগামী দিনেও এ ধরনের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। সার্বিক উন্নয়নে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) গড়ে তোলার ওপরও গুরুত্ব দেন উপাচার্য।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হাছান উদ্দীন। উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম অর্থনীতি বিভাগের সৃজনশীল ও ব্যতিক্রমী উদ্যোগের প্রশংসা করেন। কর্নারটি প্রতিষ্ঠায় সহযোগিতাকারীদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, অর্থনীতি বিভাগ সব সময় বড় ও উদ্ভাবনী উদ্যোগ গ্রহণ করে থাকে। বিভাগীয় চেয়ারম্যানের কর্মদক্ষতার প্রশংসা করে তিনি বলেন, 'তিনি খুব কম কথা বলেন, কিন্তু কাজ করে দেখান।' এটি বিভাগের শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সবার জন্য ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন উপ-উপাচার্য।
অর্থনীতিতে নোবেলজয়ী এলিনর অস্ট্রমের (Elinor Ostrom) নাম অনুসারে কর্নারটির নামকরণ করা হয়েছে। সম্মিলিত সম্পদ ব্যবস্থাপনা, পারস্পরিক সহযোগিতা ও অংশগ্রহণের মাধ্যমে কমিউনিটি গড়ে তোলার ধারণাকে গুরুত্ব দিয়েছিলেন এই অর্থনীতিবিদ। তাঁর সেই দর্শনের সঙ্গে সামঞ্জস্য রেখেই উদ্যোগটির নাম রাখা হয়েছে 'ইলিনর'স কমন্স'। কর্নারটিতে কফি, দুধ চা ও লেবু চাসহ বিভিন্ন পানীয় পাওয়া যাবে। এটি শিক্ষার্থীদের অংশগ্রহণে পরিচালিত হবে। সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা করছেন, কর্নারটি শুধু পানীয় পানের জায়গা হিসেবে নয়, বরং শিক্ষক-শিক্ষার্থীদের মতবিনিময়, আড্ডা ও পারস্পরিক সম্পর্ক দৃঢ় করার একটি মিলনস্থল হিসেবেও গড়ে উঠবে।
শিক্ষক-শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উদ্বোধনী অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।
সম্পাদক ও প্রকাশক : সুজন মাহমুদ মোবাইল: 01575626551
নির্বাহী পরিচালক মোঃ আনিছুর রহমান মোবাইল: 01714236204
Copyright © 2026 sbtv24. All rights reserved.