
পাবনার বেড়ায় সাবেক ডেপুটি স্পিকার ও পাবনা-১ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুল হক টুকুর বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় বেড়া পৌর এলাকার বৃশালিখা এলাকায় এ ঘটনা সংঘটিত হয়।
স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বৃশালিখা থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা একটি ঝটিকা মিছিল বের করেন। মিছিলটি নিয়ে তাঁরা বেড়া থানা ঘেরাও করে 'জয় বাংলা'সহ বিভিন্ন স্লোগান দেন। এ সময় থানায় ভাঙচুরের চেষ্টার অভিযোগ উঠে আসে। খবর পেয়ে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা ঘটনাস্থলে গিয়ে মিছিলকারীদের ধাওয়া করেন, যার ফলে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়।
এরপরই শামসুল হক টুকুর বাড়ির ভেতরে ও পাশে থাকা একাধিক খড়ের পালায় আগুন দেওয়ার ঘটনা ঘটে। এ সময় বাড়িতে ভাঙচুরও চালানো হয় বলে জানা গেছে। তবে এ ঘটনায় হতাহত কিংবা ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি।
বেড়া পৌর ছাত্রদলের সদস্যসচিব মানিক হোসেন অগ্নিসংযোগের বিষয়টি নিশ্চিত করে বলেন, ফ্যাসিবাদীদের কোনো সুযোগ দেওয়া যাবে না। তাদের যেখানেই পাওয়া যাবে, সেখান থেকে ধরে পুলিশের কাছে সোপর্দ করতে হবে।
এ বিষয়ে বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার সরকার বলেন, তাঁরা তখন অন্য এলাকায় মারামারির ঘটনায় ব্যস্ত ছিলেন। থানা ঘেরাওয়ের কোনো ঘটনা তাঁর জানা নেই। তবে সাবেক ডেপুটি স্পিকারের বাড়ির পাশে থাকা খড়ের পালায় দুর্বৃত্তরা আগুন দিয়েছে বলে তিনি নিশ্চিত করেন।
সম্পাদক ও প্রকাশক : সুজন মাহমুদ মোবাইল: 01575626551
নির্বাহী পরিচালক মোঃ আনিছুর রহমান মোবাইল: 01714236204
Copyright © 2026 sbtv24. All rights reserved.