
আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) নেদারল্যান্ডের দ্য হেগে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ঐতিহাসিক রায় দিয়ে মিয়ানমারকে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালানোর দায়ে দায়ী করেছে। একই সঙ্গে আদালত রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন, পরিবার পুনর্মিলন এবং ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে।
'গাম্বিয়া বনাম মিয়ানমার' মামলায় চূড়ান্ত রায় ঘোষণা করেন বিচারকেরা। রায়ে উল্লেখ করা হয়েছে, ২০১৭ সালে মিয়ানমারের উত্তর রাখাইন রাজ্যে সেনাবাহিনীর পরিচালিত তথাকথিত 'ক্লিয়ারেন্স অপারেশন' বা নির্মূল অভিযানের সময় রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা সংঘটিত হয়েছিল। আদালত মিয়ানমারকে গণহত্যা প্রতিরোধ ও শাস্তি নিশ্চিত করার আন্তর্জাতিক কনভেনশন লঙ্ঘনের দায়ে দায়ী করেছে।
আদালত মনে করেন, মিয়ানমার শুধু গণহত্যা প্রতিরোধেই ব্যর্থ হয়নি, অপরাধীদের বিচার ও শাস্তি নিশ্চিত করার দায়িত্বও পালন করেনি। এছাড়া গণহত্যার অভিযোগ-সংক্রান্ত প্রমাণ নষ্ট হওয়া ঠেকানো এবং সেগুলো সংরক্ষণে কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্যও মিয়ানমারকে দায়ী করা হয়েছে। তবে ব্যক্তিগত পর্যায়ে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা সংঘটনে সরাসরি ও প্রকাশ্যে উসকানি দেওয়ার অভিযোগে মিয়ানমারকে সরাসরি দায়ী করেননি আদালত।
কনভেনশন লঙ্ঘনের দায়ে আদালত মিয়ানমারকে একাধিক নির্দেশনা দিয়েছে। এর মধ্যে রয়েছে গণহত্যা প্রতিরোধ ও শাস্তি নিশ্চিত করার আন্তর্জাতিক কনভেনশন বাস্তবায়নে প্রয়োজনীয় আইন প্রণয়ন, চলমান লঙ্ঘন বন্ধ করা এবং গণহত্যা ও কনভেনশনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার যুক্তিসংগত সন্দেহ রয়েছে এমন ব্যক্তিদের বিরুদ্ধে অবিলম্বে তদন্ত শুরু করা। তদন্তে অপরাধের প্রমাণ পাওয়া গেলে তাঁদের বিচার ও শাস্তির ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
রায়ের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হলো রোহিঙ্গাদের অধিকার পুনঃপ্রতিষ্ঠার নির্দেশ। মিয়ানমারের ভেতরে কিংবা দেশের বাইরে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণভাবে নিজ দেশে এবং বসতভিটায় ফিরে যাওয়ার সুযোগ নিশ্চিত করতে হবে। পাশাপাশি বাস্তুচ্যুতির কারণে বিচ্ছিন্ন হয়ে পড়া পরিবারগুলোর পুনর্মিলনের ব্যবস্থা করতে হবে। গণহত্যা ও কনভেনশনবিরোধী কর্মকাণ্ডের কারণে ক্ষতিগ্রস্ত রোহিঙ্গা জনগোষ্ঠী এবং এর সদস্যদের উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। তবে ক্ষতিপূরণের পরিমাণ ও তা প্রদানের পদ্ধতি এখনই নির্ধারণ করা হয়নি; এ বিষয়ে পরবর্তী পর্যায়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
আদালতের নির্দেশ অনুযায়ী, রায়ের তারিখ থেকে দুই বছরের মধ্যে মিয়ানমারকে একটি প্রতিবেদন জমা দিতে হবে। এতে রোহিঙ্গাদের পুনর্বাসন ও ক্ষতিপূরণ প্রদানে কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে, ক্ষতিপূরণের পরিমাণ কত এবং কীভাবে তা দেওয়া হবে, তার বিস্তারিত বিবরণ থাকতে হবে।
২০১৯ সালের ১১ নভেম্বর গাম্বিয়া মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে মামলাটি করে। ২০১৭ সালে দেশটির সেনাবাহিনীর অভিযানের পর সাত লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হয়। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবারের এই রায়ের মধ্য দিয়ে রাষ্ট্র হিসেবে মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার দায় প্রতিষ্ঠিত হলো।
সম্পাদক ও প্রকাশক : সুজন মাহমুদ মোবাইল: 01575626551
নির্বাহী পরিচালক মোঃ আনিছুর রহমান মোবাইল: 01714236204
Copyright © 2026 sbtv24. All rights reserved.