
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে তাঁর বাতিল হওয়া কূটনৈতিক পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ফিরে পাওয়ার আবেদন নিয়ে নতুন ঘটনা ঘটেছে। দিল্লির বাংলাদেশ হাইকমিশনে দ্বিতীয় দফায় ই-মেইল পাঠিয়েছে তাঁর পক্ষে কাজ করা লন্ডনভিত্তিক আইনি পরামর্শক সংস্থা ম্যাট্রিক্স চেম্বারস। এবারের আবেদনপত্রে শেখ হাসিনার স্বাক্ষর সংযুক্ত করা হয়েছিল, তবে হাইকমিশনের কর্মকর্তাদের প্রাথমিক যাচাইয়ে ওই স্বাক্ষরের সত্যতা নিয়ে গুরুতর সন্দেহ দেখা দেয় এবং পরে সেটিকে জাল বলে চিহ্নিত করা হয়।
সংস্থাটির বরাত দিয়ে জানানো হয়েছে, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) পাঠানো ই-মেইলের সঙ্গে শেখ হাসিনার স্বাক্ষরিত একটি ওকালতনামা সংযুক্ত ছিল। ওই দলিলের মাধ্যমে তাঁর পক্ষে আইনি বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আনুষ্ঠানিক ক্ষমতা সংস্থাটিকে দেওয়ার কথা উল্লেখ করা হয়। চিঠিতে বাতিল হওয়া কূটনৈতিক পাসপোর্ট ও এনআইডি নবায়ন, নয়তো নতুন করে ইস্যু করার প্রক্রিয়া সম্পর্কে জানতে চাওয়া হয়েছে।
এর আগে গত ৯ নভেম্বর প্রথমবার হাইকমিশনারের দপ্তরে ই-মেইল পাঠিয়েছিল ম্যাট্রিক্স চেম্বারস। সেই বার্তায় পাসপোর্ট ও এনআইডি ফিরে পাওয়ার জন্য কী ধরনের আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া অনুসরণ করা প্রয়োজন, সে বিষয়ে নির্দেশনা চাওয়া হয়েছিল। তবে প্রথম দফার আবেদনের সঙ্গে শেখ হাসিনার স্বাক্ষরিত কোনো অনুমতিপত্র সংযুক্ত ছিল না। দ্বিতীয় দফার ই-মেইলে সংস্থাটির দাবি, সেই ঘাটতিই পূরণ করা হয়েছে।
ম্যাট্রিক্স চেম্বারসের বক্তব্য অনুযায়ী, প্রথম ই-মেইলটি বাংলাদেশ হাইকমিশন গ্রহণ করেছে—এ তথ্য তারা সংবাদমাধ্যমের মাধ্যমে জানতে পেরেছে। সংস্থাটি বলছে, আবেদন পাঠানোর পর প্রায় ১০ দিনের মধ্যে হাইকমিশনের পক্ষ থেকে কোনো জবাব পাওয়া যায়নি; এই কারণেই বৃহস্পতিবার পুনরায় যোগাযোগ করা হয়। তবে হাইকমিশনের নিজস্ব কোনো ব্যাখ্যা এখনো পাওয়া যায়নি।
স্বাক্ষর জাল হওয়ার বিষয়টি হাইকমিশনের প্রাথমিক যাচাইয়ের ভিত্তিতে চিহ্নিত, এখনো তদন্ত বা আনুষ্ঠানিক প্রতিবেদনের মাধ্যমে চূড়ান্ত প্রতিবেদন পাওয়া যায়নি। ফলে এ মুহূর্তে নিশ্চিতভাবে বলা যাচ্ছে না—আবেদনপত্রটি কে বা কারা সংস্থাটিকে দিয়েছে, এবং স্বাক্ষরটি কীভাবে সংযুক্ত হয়েছে।
এই পরিস্থিতিতে এখন প্রশ থেকেছে, বাতিল হওয়া পাসপোর্ট ও এনআইডি ফিরে পাওয়ার আবেদনটি নিয়ে বাংলাদেশ হাইকমিশন কী পদক্ষেপ নেবে।
সূত্র: দ্য ট্রিবিউন (bd24live-এ প্রকাশিত প্রতিবেদন)
সম্পাদক ও প্রকাশক : সুজন মাহমুদ মোবাইল: 01575626551
নির্বাহী পরিচালক মোঃ আনিছুর রহমান মোবাইল: 01714236204
Copyright © 2026 sbtv24. All rights reserved.