
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আগামী ডিসেম্বরে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করার পরিকল্পনা করেছে। দলটির পাঁচ দফা দাবিতে দেশের ৬৪ জেলা ও ১৩টি মহানগরে ধারাবাহিক কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ লক্ষ্যে ২৩ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত প্রাথমিক কর্মসূচির সময়সূচি প্রস্তুত করা হয়েছে। ওই তালিকায় গোপালগঞ্জের নাম না থাকলেও রাজনৈতিক পর্ষদ পরবর্তী সময়ে সেখানে কর্মসূচি রাখার বিষয়টি বিবেচনায় নিয়েছে।
সারোয়ার তুষার জানিয়েছেন, দলটি ২৩ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত পাঁচ দফা দাবিতে ধারাবাহিক কর্মসূচি পালন করবে। এর মধ্যে ৬৪ জেলা ও ১৩টি মহানগরে বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশের কর্মসূচি রয়েছে। এগুলোতে দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।
গোপালগঞ্জে কর্মসূচি আয়োজন সম্পর্কে সারোয়ার তুষার বলেন, ৬৪ জেলাতেই বিক্ষোভ মিছিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গোপালগঞ্জও সেই তালিকার মধ্যে রয়েছে। তবে সেখানে কর্মসূচি পালনের দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি। ৫ ডিসেম্বর পর্যন্ত কর্মসূচির তালিকা তৈরি করা হয়েছে, এরপর যেকোনো দিন গোপালগঞ্জের কর্মসূচি নির্ধারণ করা যেতে পারে। তিনি আরও জানান, গোপালগঞ্জের বর্তমান পরিস্থিতি বিবেচনায় নেওয়া হবে এবং এ বিষয়ে আলোচনা করা হবে। পাশাপাশি প্রশাসনের সাথে কথা বলেই কর্মসূচির চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
গোপালগঞ্জে কর্মসূচি আয়োজনের ক্ষেত্রে বাড়তি সতর্কতার পেছনে রয়েছে ২০২৫ সালের ১৬ জুলাইয়ের সহিংসতার অভিজ্ঞতা। জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে সেদিন গোপালগঞ্জে গিয়েছিলেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে দলটির কয়েকজন নেতার ‘মার্চ টু গোপালগঞ্জ’ প্রচারকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
১৬ জুলাই গোপালগঞ্জ শহরের পৌর পার্ক এলাকায় এনসিপির সমাবেশস্থলে হামলা, ভাঙচুর ও বোমাবাজির ঘটনা ঘটে বলে জানা গেছে। সমাবেশ শেষে ফেরার পথে কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরেও হামলা চালানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে হিমশিম খেতে হয় এবং একপর্যায়ে ১৪৪ ধারা জারি করা হয়। ওই দিনের সহিংসতায় চারজনের মৃত্যু হয়।
এরপর ২০২৬ সালের জুলাইয়ে গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে গোপালগঞ্জে সফরের পরিকল্পনা করেছিল এনসিপি। ‘গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে জুলাই পদযাত্রা ২০২৬’ কর্মসূচির প্রাথমিক সূচিতে ১৬ জুলাই গোপালগঞ্জ সফরের কথা উল্লেখ ছিল। তবে কর্মসূচি ঘোষণার কিছুক্ষণের মধ্যেই সংশোধিত তালিকা থেকে জেলার নাম বাদ দেওয়া হয়।
এবার দলটি গোপালগঞ্জকে কর্মসূচির বাইরে রাখতে চায় না। ৬৪ জেলায় ধারাবাহিক বিক্ষোভ মিছিল আয়োজনের সিদ্ধান্তের অংশ হিসেবেই সেখানে কর্মসূচি পালনের পরিকল্পনা রয়েছে। তবে গত বছরের সহিংসতার অভিজ্ঞতা মাথায় রেখে এবার সাংগঠনিক প্রস্তুতি, প্রশাসনের সাথে সমন্বয় এবং নিরাপত্তার বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে বিবেচনা করছে এনসিপির কেন্দ্রীয় নেতৃত্ব।
সম্পাদক ও প্রকাশক : সুজন মাহমুদ মোবাইল: 01575626551
নির্বাহী পরিচালক মোঃ আনিছুর রহমান মোবাইল: 01714236204
Copyright © 2026 sbtv24. All rights reserved.