
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বাড়ির সামনে চায়ের দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। শিবগঞ্জ থানার ওসি মতিউর রহমান জানিয়েছেন, রোববার সকাল ৬টা থেকে সাড়ে ৬টার মধ্যে উপজেলার মনাকষা ইউনিয়নের হাউসনগর গ্রামে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া দুজন হলেন ওই গ্রামের বকুলের স্ত্রী মিলি আরা (৩২) ও তার মেয়ে লিমু খাতুন (১৪)। বাড়ির সামনেই তাদের চা-বিস্কুটের দোকান ছিল।
প্রতিবেশী আবদুল আহাদ বলেন, রোববার সকালে বৃষ্টির মাঝেই মিলি আরা দোকান খুলতে যান। তার দাবি, বাড়ি থেকে সংযোগ নেওয়া বিদ্যুতের তার ক্ষতিগ্রস্ত থাকার কারণে টিনের দোকানটি বিদ্যুতায়িত হয়ে পড়েছিল। ধারণা করা হচ্ছে, দোকানের দরজা খুলতে গিয়ে মিলি আরা বিদ্যুৎস্পৃষ্ট হন এবং মাকে বাঁচানোর চেষ্টা করে তার মেয়েটিও বিদ্যুৎস্পৃষ্ট হন।
ওসি মতিউর রহমান জানান, ঘটনার খবর পেয়ে স্থানীয়রা মা-মেয়েকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
সম্পাদক ও প্রকাশক : সুজন মাহমুদ মোবাইল: 01575626551
নির্বাহী পরিচালক মোঃ আনিছুর রহমান মোবাইল: 01714236204
Copyright © 2026 sbtv24. All rights reserved.