
শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে অব্যাহত আন্দোলনের মুখে সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলে অস্থিরতা বিরাজ করছে। রোববার (২২ নভেম্বর) মালিকপক্ষ ৯টি কারখানায় এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে। পাশাপাশি শ্রম আইনের ১৩ (১) ধারার অধীনে ২১টি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে।
আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, রোববার সকালে শ্রমিকরা কারখানায় উপস্থিত হলেও কাজে যোগ দেননি। তারা ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে বিক্ষোভ শুরু করেন। যেকোনো অপ্রীতিকর ঘটনা ও ভাঙচুর এড়িয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মালিকপক্ষ ৯টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে। এই কারখানাগুলোর মধ্যে হা-মীম গ্রুপ, ডেকো ডিজাইন, নেক্সট কালেকশন এবং স্টারলিং গ্রুপের একটি কারখানাসহ আরও কিছু প্রতিষ্ঠান রয়েছে।
এসপি মোমিনুল ইসলাম আরও জানান, আরও তিনটি কারখানায় শ্রমিকরা সকালে কর্মস্থলে গেলেও কাজে যোগ দেননি এবং ভেতরেই বিক্ষোভ ও কর্মবিরতি পালন করছেন। শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা চলছে।
শিল্প পুলিশ সূত্রে জানা গেছে, গত কয়েক দিনের অস্থিরতার জেরে শ্রম আইনের ১৩ (১) ধারায় 'কাজ নেই, মজুরি নেই' ভিত্তিতে ২১টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে। শিল্পাঞ্চলের সার্বিক আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখা ও কারখানাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত শিল্প পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : সুজন মাহমুদ মোবাইল: 01575626551
নির্বাহী পরিচালক মোঃ আনিছুর রহমান মোবাইল: 01714236204
Copyright © 2026 sbtv24. All rights reserved.