
মিরপুরের ব্যস্ত সড়কে ব্যাটারিচালিত একটি অটোরিকশা চালিয়ে যাচ্ছেন মাছুমা আক্তার। বয়স প্রায় ৫৫ বছর। তিন দশক ধরেই এই কাজই তাঁর পরিবারের একমাত্র আয়ের উৎস হয়ে আছে।
প্রায় ৩০ বছর আগে স্বামীকে হারানোর পর দুই মেয়ে ও এক ছেলেকে নিয়ে তিনি একাই সংসারের দায়িত্ব নেন। অভাবের মধ্য দিয়ে সন্তানদের বড় করেছেন। দুই মেয়েকে বিয়ে দিয়েছেন, ছেলে এখন রাজমিস্ত্রির কাজ করেন এবং তাঁর নিজের সংসার আছে।
তাঁর গ্রামের বাড়ি ঢাকা জেলার দোহার উপজেলার জয়পাড়ায়। ঢাকায় তাঁর কোনো অফিস বা নিয়মিত বেতনের চাকরি নেই। কর্মস্থল মিরপুরের রাস্তা, আর উপার্জন নির্ভর করে দিনে কতটুকু সময় কাজ করতে পারলেন আর কতজন যাত্রী পেলেন তার ওপর।
তাঁর বলিতে, প্রতিদিন দুপুর দুইটার দিকে কাজ শুরু হয়। যাত্রী নিয়ে গন্তব্য থেকে গন্তব্যে, আবার যাত্রীর অপেক্ষায় দাঁড়িয়ে কাটে দিনের বেলা। জানজট, ধুলোবালি আর রাতের অনিশ্চয়তার মাঝ দিয়েও কাজ চলতে থাকে। কখনো রাত দশটা, কখনো এগারোটা পর্যন্ত অটোরিকশা চালাতে হয়।
দিনভর কাজে আয় হয় প্রায় ৮০০ থেকে ১ হাজার টাকা। তবে অটোরিকশার জমা বাবদ প্রতিদিন দিতে হয় ৫০০ টাকা। ফলে সারাদিনের পরিশ্রমের পর হাতে থাকে মাত্র ২০০ থেকে ৩০০ টাকা, যা দিয়ে সংসারের প্রয়োজন মেটাতে হয়।
বয়সের ভার, শরীরের ক্লান্তি আর দীর্ঘ সময় সড়কে কাটানোর চাপ সত্ত্বেও তিনি কাজ ছাড়তে পারেন না। কারণ থেমে গেলে থেমে যায় পরিবারের বেঁচে থাকার লড়াই।
মাছুমা আক্তারের গল্প কোনো ব্যতিক্রমী সাফল্যের কথা নয়। এটি এক সাধারণ নারীর দায়িত্ববোধ আর আত্মনির্ভরতার গল্প, যা শহরের অনেক অদেখা নারীর শ্রমজীবী জীবনের প্রতিচ্ছবি তুলে ধরে।
সম্পাদক ও প্রকাশক : সুজন মাহমুদ মোবাইল: 01575626551
নির্বাহী পরিচালক মোঃ আনিছুর রহমান মোবাইল: 01714236204
Copyright © 2026 sbtv24. All rights reserved.