
কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর অভিযানে শতাধিক আইইডি, বিপুল পরিমাণ বিস্ফোরক তৈরির সরঞ্জাম, দুটি আগ্নেয়াস্ত্র ও ২৫৪টি গুলি উদ্ধার করা হয়েছে। এ সময় দুজনকে আটক করা হয় এবং পাচারে ব্যবহৃত দুটি অটোরিকশা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। বিজিবি সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার (২১ নভেম্বর) রাত ১০টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আদর্শ গ্রাম এলাকায় এ অভিযান চালানো হয়।
আটক ব্যক্তিরা হলেন টেকনাফ সদর ইউনিয়নের লেঙ্গুলবিল এলাকার মো. ইব্রাহিম ও নতুন পল্লানপাড়া এলাকার মেহেদী হাসান। তাঁরা দুজনই পেশায় অটোরিকশাচালক।
বিজিবি সূত্রে জানা গেছে, দেশে বড় ধরনের নাশকতার উদ্দেশ্যে একটি সংঘবদ্ধ চক্র মিয়ানমার থেকে এসব বিস্ফোরক ও অস্ত্র-গুলি সংগ্রহ করে চোরাই পথে টেকনাফে নিয়ে আসে। গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার রামু সেক্টরের আওতাধীন টেকনাফ ২ বিজিবি সড়কে তল্লাশিচৌকি বসিয়ে অভিযান চালায়। এ সময় অস্ত্র, গুলি ও বিস্ফোরকসহ ওই দুই অটোরিকশাচালককে আটক করা হয়।
অভিযানের বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার রামু বিজিবি সেক্টরের কমান্ডার কর্নেল মো. আনোয়ার উল আলম জানান, উদ্ধার করা অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক ও প্রকাশক : সুজন মাহমুদ মোবাইল: 01575626551
নির্বাহী পরিচালক মোঃ আনিছুর রহমান মোবাইল: 01714236204
Copyright © 2026 sbtv24. All rights reserved.