
গঙ্গা চুক্তির বাস্তবায়ন নিয়ে শেষ বৈঠক ঢাকা-দিল্লির
ডিসেম্বরে মেয়াদ শেষ হতে যাওয়া গঙ্গার পানিবণ্টন চুক্তির বাস্তবায়ন নিয়ে বাংলাদেশ ও ভারতের যৌথ নদী কমিশনের একটি বৈঠক রোববার ঢাকায় অনুষ্ঠিত হয়েছে। ত্রিশ বছর ধরে চলমান এই চুক্তির বাস্তবায়ন নিয়ে এটি ছিল সম্ভবত সর্বশেষ বৈঠক। নতুন চুক্তি কিংবা বর্তমান চুক্তির নবায়ন নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি।
যৌথ নদী কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, চুক্তি বাস্তবায়নের বিষয়ে এটি শেষ সভা হওয়ার কথা। কমিশনের সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৯৯৬ সালের ১২ ডিসেম্বর স্বাক্ষরিত চুক্তির বাস্তবায়ন পর্যবেক্ষণের জন্য দুই দেশের যৌথ নদী কমিশনের সদস্যদের নেতৃত্বে একটি যৌথ কমিটি গঠন করা হয়।
এ বছর যৌথ কমিটির প্রথম (৮৯তম) বৈঠক ৮ এপ্রিল ঢাকায় এবং দ্বিতীয় (৯০তম) বৈঠক ২২ মে কলকাতায় অনুষ্ঠিত হয়। এ সিরিজের ধারাবাহিকতায় ঢাকায় তৃতীয় বৈঠকে চুক্তি বাস্তবায়নসংক্রান্ত বার্ষিক প্রতিবেদন চূড়ান্ত করার কথা জানিয়েছে কমিশন। বাংলাদেশ পক্ষের নেতৃত্ব দেন যৌথ নদী কমিশনের সদস্য মো. আনোয়ার কাদির, আর ভারতীয় দলের নেতৃত্ব দেন দেশটির যৌথ নদী কমিশনের সদস্য শরদ চন্দ্র।
কমিশনের বরাত দিয়ে বলা হয়েছে, ১৯৯৭ সাল থেকে এই যৌথ কমিটি চুক্তি বাস্তবায়নের লক্ষ্যে ফারাক্কা ও হার্ডিঞ্জ সেতু পয়েন্টে যৌথ পর্যবেক্ষণ দল মোতায়েন, তাদের কার্যক্রম পর্যবেক্ষণ এবং সংশ্লিষ্ট বার্ষিক প্রতিবেদন প্রণয়নের কাজ করে আসছে। প্রতিবছর এ কাজ সম্পাদনের জন্য কমিটির তিনটি বৈঠক নিয়মিত অনুষ্ঠিত হয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে—একটি বৈঠক ফারাক্কায় সাইট পরিদর্শনের পর কলকাতায় এবং অন্যটি হার্ডিঞ্জ সেতু এলাকায় পদ্মা নদীতে সাইট পরিদর্শনের পর ঢাকায় হয়।
১৯৯৬ সালের ১২ ডিসেম্বর তৎকালীন আওয়ামী লীগ সরকার ভারতের সঙ্গে ৩০ বছরের এই চুক্তি করে। চুক্তি অনুযায়ী প্রতি বছর ১ জানুয়ারি থেকে ৩১ মে পর্যন্ত ফারাক্কা থেকে দুই দেশের মধ্যে পানি বণ্টন করা হয়। ৪০ বছরের গড় মাত্রা অনুসরণ করে ভারত পানির ভাগ পায়, আর যে কোনো সংকটে বাংলাদেশকে ৩৫ হাজার কিউসেক পানি সরবরাহের নিশ্চয়তা দেওয়া হয়েছে। চলতি বছরের ডিসেম্বরে এ চুক্তির মেয়াদ শেষ হবে।
ঢাকার পক্ষ থেকে বারবার তাগাদা দেওয়া সত্ত্বেও নতুন চুক্তি নিয়ে আলোচনা শুরুতে ভারত এখনো সাড়া দেয়নি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা গত সপ্তাহে জানিয়েছেন, আলোচনার প্রস্তুতির জন্য গত এপ্রিলে অর্থ উপদেষ্টা রাশেদ আল তিতুমীরের নেতৃত্বে একটি উচ্চক্ষমতাসম্পন্ন কমিটি গঠন করে বাংলাদেশ। এরপর গত জুনে ঢাকা আনুষ্ঠানিকভাবে দিল্লিকে আলোচনার প্রস্তাব দেয় এবং অগাস্টে এ বিষয়ে একটি তাগিদপত্রও পাঠানো হয়। তবে ভারতের পক্ষ থেকে এখনো কোনো ইতিবাচক সাড়া পাওয়া যায়নি বলে তিনি উল্লেখ করেন।
সম্পাদক ও প্রকাশক : সুজন মাহমুদ মোবাইল: 01575626551
নির্বাহী পরিচালক মোঃ আনিছুর রহমান মোবাইল: 01714236204
Copyright © 2026 sbtv24. All rights reserved.