
ইরানের সামরিক সক্ষমতা নিয়ে নতুন বিশ্লেষণে দাবি করা হয়েছে, দেশটি বিদ্যমান ক্ষেপণাস্ত্রের প্রযুক্তি মিশিয়ে আরও শক্তিশালী ও অত্যাধুনিক ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র তৈরির কাজ করছে। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার (আইএসডব্লিউ) এবং আমেরিকান এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের অধীন ক্রিটিক্যাল থ্রেটস প্রজেক্টের একটি বিশ্লেষণে এই দাবি উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, নতুন ধরনের ক্ষেপণাস্ত্রে উন্নত চালনা ব্যবস্থা এবং আঘাতের আগে দিক পরিবর্তনে সক্ষম ওয়ারহেড যুক্ত করা হচ্ছে; ফলে লক্ষ্যবস্তুতে নির্ভুলতা বাড়ার পাশাপাশি প্রতিপক্ষের আকাশ প্রতিরক্ষা এড়িয়ে যাওয়ার সম্ভাবনা বাড়তে পারে। তবে এটি বিশ্লেষকদের দাবি।
বিশ্লেষণে আরও দাবি করা হয়েছে, ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) সাম্প্রতিক সময়ে ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র স্থাপনার কিছু ভিডিও প্রকাশ করেছে। এসব তথ্য বিশ্লেষণ করে ধারণা করা হচ্ছে, ইরান বিদ্যমান প্রযুক্তি কাজে লাগিয়ে নতুন সংস্করণ তৈরি করছে। আইএসডব্লিউর দাবি অনুযায়ী, হাজ কাসেম মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের প্রপালশন ব্যবস্থা এবং খাইবার শেকান, খাইবার শেকান-২ ও ফাত্তাহ-১ ক্ষেপণাস্ত্রের ওয়ারহেড প্রযুক্তি একত্র করে নতুন সংস্করণ তৈরি করা হয়েছে। হাজ কাসেমের চালনা ব্যবস্থা লক্ষ্যবস্তুর কাছাকাছি পৌঁছালে গতি বাড়াতে পারে, যা প্রতিপক্ষের প্রতিক্রিয়ার সময় কমিয়ে দিতে পারে এবং আঘাতের তীব্রতা বাড়াতে পারে বলে প্রতিবেদনে মন্তব্য করা হয়েছে।
বিশ্লেষকদের মতে, এ ধরনের ক্ষেপণাস্ত্র তৈরিতে ইরানের বিদ্যমান শিল্প সরবরাহব্যবস্থায় বড় পরিবর্তনের প্রয়োজন নাও হতে পারে। তবে দেশটি ব্যাপক পরিমাণে এসব ক্ষেপণাস্ত্র উৎপাদন করতে পারবে কি না, সে বিষয়ে এখনো স্পষ্ট ধারণা পাওয়া যায়নি।
এর আগে চলতি মাসের শুরুতে বিবিসির এক প্রতিবেদনে ইরানের সামরিক ঘাঁটিতে নতুন নির্মাণকাজের তথ্য উঠে আসে। প্রতিবেদনে দাবি করা হয়, সম্ভাব্য ভবিষ্যৎ হামলা থেকে সামরিক অবকাঠামো রক্ষার জন্য কিছু স্থাপনা ভূগর্ভে সরিয়ে নেওয়া হচ্ছে এবং যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ক্ষতিগ্রস্ত ঘাঁটিগুলো মেরামতের কাজও চলছে। শাহরুদ এলাকার একটি স্থাপনায় খননকাজকে ক্ষেপণাস্ত্র উৎপাদনের প্রস্তুতি হিসেবে দেখছেন যুক্তরাষ্ট্রের এক গোয়েন্দা বিশ্লেষক বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এদিকে গত সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ দাবি করেছিলেন, ইরানের নৌবাহিনী, বিমানবাহিনী, আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ও সামরিক উৎপাদন সক্ষমতা ধ্বংস করা হয়েছে। ফেব্রুয়ারির শেষ দিকে শুরু হওয়া মার্কিন হামলার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ইরানের সামরিক সক্ষমতা পুরোপুরি ধ্বংসের দাবি করেন। তবে পরে ইরানের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলা নতুন উত্তেজনা তৈরি করে এবং কুয়েতের একটি সামরিক ঘাঁটিতে ইরানের ড্রোন হামলার ঘটনাও ঘটে; ওই ঘাঁটিতে মার্কিন সেনারা অবস্থান করেন।
নভেম্বরের মাঝামাঝি ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই হুঁশিয়ারি দেন, যুক্তরাষ্ট্রের আগ্রাসন মোকাবিলায় তেহরান হাতে থাকা সব ধরনের উপায় ব্যবহার করবে। নয় মাস ধরে চলা সংঘাত বন্ধে শান্তি আলোচনা এখনো অচলাবস্থায় রয়েছে। তথ্যসূত্র: দ্য ইন্ডিপেনডেন্ট, আইএসডব্লিউ ও ক্রিটিক্যাল থ্রেটস প্রজেক্ট।
সম্পাদক ও প্রকাশক : সুজন মাহমুদ মোবাইল: 01575626551
নির্বাহী পরিচালক মোঃ আনিছুর রহমান মোবাইল: 01714236204
Copyright © 2026 sbtv24. All rights reserved.