
ফুটবলার আর্লিং হালান্ডের নাম নিয়ে ইউরোপীয় ইউনিয়নে ট্রেডমার্ক বিরোধ আদালতে গড়িয়েছে। ২০২৩ সালে নিজের নামে ইইউ ব্র্যান্ড নিবন্ধনের উদ্যোগ নিলে তিনি জানতে পারেন, ২০২২ সালেই ‘হালান্ড’ নামটি ট্রেডমার্ক হিসেবে নিবন্ধন করেছেন পোলিশ ইলেকট্রিশিয়ান মিশেল ওয়াস। তিনি নরওয়েতে কাজ করেন। দ্য সান ও ইয়াহু স্পোর্টসের প্রতিবেদন অনুযায়ী, ওই ট্রেডমার্কে ১৬ ধরনের পণ্য অন্তর্ভুক্ত ছিল, যার মধ্যে খেলাধুলার পোশাক, ফুটবল বুট, প্রোটিন সাপ্লিমেন্ট, এনার্জি ড্রিংকস, স্পোর্টস ব্যাগ, মদ, দই, খেলনা ও অন্তর্বাস রয়েছে।
হালান্ডের আইনজীবীদের অভিযোগ, ফুটবলারের জনপ্রিয়তা কাজে লাগিয়ে ব্যবসায়িক সুবিধা নেওয়ার অসৎ উদ্দেশ্যেই ওয়াস নামটি নিবন্ধন করেছিলেন। তাদের দাবি, ট্রেডমার্ক নিবন্ধনের সময় পোল্যান্ডেও হালান্ড বেশ পরিচিত ছিলেন। অন্যদিকে ওয়াসের দাবি, ‘হালান্ড’ নামটি ‘হাই অ্যাডভান্সড অ্যাকটিভিটি ল্যান্ড’ কথাটির সংক্ষিপ্ত রূপ থেকে এসেছে।
তবে ইউরোপীয় ইউনিয়নের মেধাস্বত্ব দপ্তর (ইইউআইপিও) ওই যুক্তি গ্রহণ করেনি। সংস্থাটির মতে, হালান্ডের খ্যাতি কাজে লাগানোর উদ্দেশ্যেই নামটি ব্যবহার করা হয়েছে; ফলে ট্রেডমার্কটি বাতিল করা হয়। এই সিদ্ধান্তের বিরুদ্ধে গত ২২ জুলাই ইউরোপীয় ইউনিয়নের সাধারণ আদালতে আবেদন করেছেন ওয়াস। মামলার শুনানির তারিখ এখনো নির্ধারণ করা হয়নি।
সম্পাদক ও প্রকাশক : সুজন মাহমুদ মোবাইল: 01575626551
নির্বাহী পরিচালক মোঃ আনিছুর রহমান মোবাইল: 01714236204
Copyright © 2026 sbtv24. All rights reserved.