
প্রধানমন্ত্রীর আহ্বান করা রাজনৈতিক সংলাপে জামায়াত-ই-ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের সবকটি দল একসঙ্গে অংশ নেবে। একইসাথে নির্বাচন কমিশনের আহ্বান করা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সংক্রান্ত সংলাপেও জোটবদ্ধভাবে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে দলের নির্বাহী পরিষদের বৈঠক শেষে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় এক ব্রিফিংয়ে এই তথ্য জানান দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
তিনি বলেন, নির্বাহী পরিষদের বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে ১১ দলীয় জোট জোটবদ্ধভাবে প্রধানমন্ত্রীর সংলাপে অংশগ্রহণ করবে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময়ের জন্য চিঠি পাঠানো হয়েছে। এ সংলাপেও ১১ দলীয় ঐক্য রক্ষা করে জোটবদ্ধভাবে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সংলাপের দিনক্ষণ নিয়ে মিয়া গোলাম পরওয়ার বলেন, সরকারের সঙ্গে তাদের যোগাযোগ রয়েছে। দিনক্ষণ চূড়ান্ত হলে তা জানানো হবে। তিনি আরও বলেন, সংলাপের সূচনা জামায়াতের পক্ষ থেকেই হয়েছে, তাই আমন্ত্রণ এখানে প্রধান বিষয় নয়। খুব শীঘ্রই দিনক্ষণ ঠিক হয়ে যাবে। তবে বিরোধীদলীয় নেতা বিদেশে থাকার কারণে সংলাপের দিনক্ষণ নির্ধারণ করা সম্ভব হয়নি বলে তিনি উল্লেখ করেছেন।
জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে জামায়াতের অবস্থান তুলে ধরে মিয়া গোলাম পরওয়ার বলেন, গণভোটের রায় মেনে নেওয়া হলে জাতীয় ঐক্যের জন্য আলাদা করে আহ্বান জানানোর প্রয়োজন হবে না।
এই ব্রিফিংয়ে তিনি শেখ হাসিনার বিষয়ে ভারত সরকারের আগ্রহ এবং তাঁকে দেশে ফেরানোর বিভিন্ন বক্তব্যের সমালোচনা করেন। মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেন, ভারত একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামিকে সহায়তা করে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে। তিনি বলেন, এই দেশের জনগণের আকাঙ্ক্ষার বিরুদ্ধে ভারতের অবস্থান নিয়েছে এবং এর জন্য তীব্র নিন্দা জানানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : সুজন মাহমুদ মোবাইল: 01575626551
নির্বাহী পরিচালক মোঃ আনিছুর রহমান মোবাইল: 01714236204
Copyright © 2026 sbtv24. All rights reserved.