
কুয়েতে ড্রোন হামলায় দুই ইতালীয় নাগরিক নিহত, ইরানের সংশ্লিষ্টতা অস্বীকার
কুয়েতে একটি গুরুত্বপূর্ণ স্থাপনায় ড্রোন হামলায় দুই ইতালীয় নাগরিক নিহত হয়েছেন। ঘটনায় ইরানের সংশ্লিষ্টতা থাকার কুয়েতের দাবিকে তেহরান সম্পূর্ণভাবে নাকচ করেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এই হামলাকে ‘সন্দেহজনক’ এবং ‘যুদ্ধের পটভূমি তৈরির চেষ্টা’ হিসেবে বর্ণনা করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় আরাঘচি জানান, ইতালি ও কুয়েতের পররাষ্ট্রমন্ত্রীদের সাথে ফোনালাপে তিনি নিহতদের পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছেন। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে কুয়েত ও ইতালির সাথে সহযোগিতা করতে ইরান প্রস্তুত রয়েছে বলে তিনি উল্লেখ করেছেন।
কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দেশের একটি গুরুত্বপূর্ণ স্থাপনায় এই ড্রোন হামলা হয়। মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, হামলায় দুই ইতালীয় নাগরিক নিহত এবং একজন পাকিস্তানি ও একজন কুয়েতি নাগরিক আহত হন। নিহত দুই ইতালীয় কুয়েতে বেসামরিক টেকনিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন। প্রথমে চারজন আহত হওয়ার তথ্য দেওয়া হলেও পরে মন্ত্রণালয়টি সংশোধন করে নিহত ও আহতের সংখ্যা জানায়।
কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে যে, ইরান থেকে এই ড্রোন হামলা চালানো হয়েছে। তবে ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র আবুলফজল শেখারচি এই দাবি খারিজ করে বলেছেন, ইরানের সশস্ত্র বাহিনী এই অঞ্চলে কোনো সামরিক বা হামলার অভিযান চালায়নি।
সংবাদটি আল জাজিরা থেকে সংগৃহীত।
সম্পাদক ও প্রকাশক : সুজন মাহমুদ মোবাইল: 01575626551
নির্বাহী পরিচালক মোঃ আনিছুর রহমান মোবাইল: 01714236204
Copyright © 2026 sbtv24. All rights reserved.