
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ মনে করেন, আগামী ১০ বছরের মধ্যেও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে ফেরার সম্ভাবনা নেই। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পাকিস্তানের ইসলামাবাদে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এমন মন্তব্য করেন। বিবিসি উর্দুর প্রতিবেদনে তাঁর বক্তব্যের কথা উল্লেখ করা হয়েছে।
নিজের রাজনৈতিক অভিজ্ঞতার ভিত্তিতে তিনি এ কথা বলেন বলে প্রতিবেদনে উল্লেখ রয়েছে। স্পিকারের মতে, শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা মূলত আওয়ামী লীগের কর্মীদের সক্রিয় রাখার একটি চেষ্টা। তিনি মনে করেন, আগামী ১০ বছরেও শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন না।
এদিকে শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে বাংলাদেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন। তবে বর্তমান বিএনপি সরকার তাঁর এ ঘোষণা প্রত্যাখ্যান করেছে। ঢাকার পক্ষ থেকে বলা হয়েছে, আইনগত প্রত্যর্পণ প্রক্রিয়ার মাধ্যমেই শেখ হাসিনার দেশে ফেরা গ্রহণযোগ্য হবে।
বিবিসি উর্দুর প্রতিবেদন অনুযায়ী, হাফিজ উদ্দিন আহমদ আরও বলেন, শেখ হাসিনা বাংলাদেশে ফিরলে তাঁকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে। ভারত তাঁকে বাংলাদেশের কাছে হস্তান্তর না করলে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) যাওয়ার কথাও তিনি জানিয়েছেন।
প্রসঙ্গত, ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর ৫ আগস্ট দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর থেকে তিনি ভারতে অবস্থান করছেন।
সম্পাদক ও প্রকাশক : সুজন মাহমুদ মোবাইল: 01575626551
নির্বাহী পরিচালক মোঃ আনিছুর রহমান মোবাইল: 01714236204
Copyright © 2026 sbtv24. All rights reserved.