
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের মৌচাক বাসস্ট্যান্ড এলাকায় একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার রাত পৌনে ১০টার দিকে ভুলতা থেকে যাত্রী নিয়ে ঢাকার দিকে যাচ্ছিল ‘ভুলতা গাউছিয়া পরিবহন’-এর বাসটি। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, মৌচাক বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে যাত্রীবেশে থাকা কয়েকজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি বাসের পেছনের অংশে আগুন ধরিয়ে দ্রুত নেমে পালিয়ে যায়।
আগুন ও ধোঁয়া দ্রুত ছড়িয়ে পড়লে যাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। চালক বাসটি সড়কের পাশে থামালে যাত্রীরা দ্রুত নেমে যান। পরে স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে এর আগেই বাসটির অধিকাংশ আসন পুড়ে যায়। এ ঘটনায় চালক, সহকারী ও যাত্রীরা নিরাপদে নেমে আসায় কেউ হতাহত হননি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শিমরাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জুলহাস জানান, যাত্রীবেশে কয়েকজন দুর্বৃত্ত চলন্ত বাসটিতে আগুন ধরিয়ে দিয়ে নেমে যায়। চালক ও যাত্রীদের তাৎক্ষণিক তৎপরতায় সবাই নিরাপদে বাস থেকে নামতে পেরেছেন এবং এ ঘটনায় কোনো প্রাণহানি ঘটেনি। তিনি আরও জানান, মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং আগুন দেওয়ার ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।
সম্পাদক ও প্রকাশক : সুজন মাহমুদ মোবাইল: 01575626551
নির্বাহী পরিচালক মোঃ আনিছুর রহমান মোবাইল: 01714236204
Copyright © 2026 sbtv24. All rights reserved.