
সৌদি আরবের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে পাকিস্তান ও তুরস্ক। ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ধারাবাহিক হামলার তীব্র নিন্দা জানিয়ে পাকিস্তান, তুরস্ক ও সৌদি আরবের শীর্ষ সরকারি এবং প্রতিরক্ষা কর্মকর্তারা বলেছেন, তারা সম্মিলিতভাবে সৌদি আরবের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কাজ করবেন।
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে শুক্রবার (২৭ নভেম্বর) মক্কা প্রতিরক্ষা চুক্তিভুক্ত দেশগুলোর কৌশলগত রাজনৈতিক ও প্রতিরক্ষা কমিটির (এসপিডিসি) বৈঠক শেষে এই ঘোষণা দেওয়া হয়। গত ৭ আগস্ট তিন দেশ মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করে, যার অনুযায়ী কোনো একটি সদস্য দেশের ওপর সশস্ত্র হামলা হলে তা তিন দেশের সবার ওপর হামলা হিসেবে বিবেচিত হবে। কমিটিতে তিন দেশের পররাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী এবং শীর্ষ সামরিক কর্মকর্তারা অন্তর্ভুক্ত রয়েছেন।
প্রায় আড়াই ঘণ্টা ধরে চলে এই বৈঠকের শেষে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার সাংবাদিকদের বলেন, বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির পরিবর্তন ও আঞ্চলিক শান্তি, নিরাপত্তা এবং স্থিতিশীলতা বজায় রাখতে সম্মিলিতভাবে কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়েছে। তিনি সৌদি আরবের বেসামরিক নাগরিক ও অবকাঠামো লক্ষ্য করে হুথি মিলিশিয়াদের ধারাবাহিক ও ‘জঘন্য’ হামলার নিন্দা জানান। তিন দেশ মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির আওতায় সৌদি আরবের নিরাপত্তা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় সহায়তার প্রচেষ্টা অব্যাহত রাখা এবং আরও জোরদার করার অঙ্গীকারও করেছে।
সৌদি আরবের কর্তৃপক্ষের দাবি অনুযায়ী, ইয়েমেনে সংঘাত তীব্র হওয়ার পর থেকে ইরান-সমর্থিত হুথি গোষ্ঠী সৌদি আরবের বিভিন্ন শহর, তেল স্থাপনা ও নৌপরিবহন ব্যবস্থাকে লক্ষ্য করে বারবার হামলা চালাচ্ছে। গত ২৩ সেপ্টেম্বর থেকে সৌদি আরবে সন্দেহভাজন হুথি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ২৬ জন নিহত হয়েছেন, তাদের মধ্যে ২৩ জন বিমানবন্দরে হামলায় প্রাণ হারিয়েছেন। শুক্রবারের বৈঠকে এসব হামলার বিষয়টি গুরুত্ব পাওয়ার কথা থাকলেও নির্দিষ্ট কোনো পদক্ষেপের বিস্তারিত জানানো হয়নি।
এর আগে ৫ অক্টোবর রিয়াদে চুক্তিভুক্ত দেশগুলোর জরুরি বৈঠকে সৌদি আরবে সেনা ও সামরিক সক্ষমতা সরবরাহ এবং দ্রুত মোতায়েন নিশ্চিত করার বিষয়ে কমিটি সম্মত ছিল। পাকিস্তান আগে সৌদি আরবের ভূখণ্ড রক্ষার অঙ্গীকার করলেও ইয়েমেনের ভেতরে হুথিদের বিরুদ্ধে হামলা চালানোর বিষয়টি নাকচ করেছে। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান গত সপ্তাহে দেশটির গণমাধ্যমকে বলেছেন, সৌদি আরবের প্রতিরক্ষায় সহায়তা করাই আঙ্কারার বর্তমান নীতি; ইয়েমেনের ভেতরে সেনা মোতায়েনের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, তবে সৌদি আরবের প্রতিরক্ষায় প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে।
দার জানান, শুক্রবারের বৈঠকে জোটের আগের বৈঠকগুলোতে নেওয়া সিদ্ধান্ত বাস্তবায়ন এবং বিভিন্ন খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে। প্রতিরক্ষা শিল্প, যৌথ প্রযুক্তি উন্নয়ন, প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতা জোরদারের বিষয়ে তিন দেশ অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। এর লক্ষ্য পারস্পরিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় সশস্ত্র বাহিনীগুলোর সম্মিলিত সক্ষমতা ও সমন্বয় বাড়ানো এবং আঞ্চলিক শান্তি ও নিরাপত্তায় অবদান রাখা।
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ফিদান বলেন, সামরিক ও প্রতিরক্ষা শিল্পের সক্ষমতা একত্র করাই এই জোটের কৌশলের মূল ভিত্তি। বার্তা সংস্থা আনাদোলুকে তিনি বলেন, সদস্য দেশগুলোর লক্ষ্য নিজেদের সক্ষমতা কাজে লাগিয়ে আরও শক্তি অর্জন, প্রভাব বাড়ানো এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতায় বড় ভূমিকা রাখা। ফিদান আরও জানান, বৈঠকে যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান আলোচনার বিষয়ে কথা হয়েছে এবং জোটে নতুন দেশ অন্তর্ভুক্তির সম্ভাব্য রূপরেখা নিয়ে কয়েকটি নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কয়েকটি আঞ্চলিক দেশ এই জোটে যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে। গত আগস্টে আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছিলেন, মিশরও সম্ভাব্য সদস্য হতে পারে।
সূত্র: আলজাজিরা
সম্পাদক ও প্রকাশক : সুজন মাহমুদ মোবাইল: 01575626551
নির্বাহী পরিচালক মোঃ আনিছুর রহমান মোবাইল: 01714236204
Copyright © 2026 sbtv24. All rights reserved.