
সাধারণ মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে প্রাথমিক স্বাস্থ্যসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এ কথা জানিয়েছেন।
স্বাস্থ্য সেবা বিভাগের স্বাস্থ্য অর্থনীতি ইউনিট আয়োজিত ‘জাতীয় স্বাস্থ্য সুরক্ষা কর্তৃপক্ষ: নকশা ও প্রাতিষ্ঠানিক কাঠামো’ বিষয়ক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য ব্যক্ত করেন।
স্বাস্থ্যমন্ত্রী জানান, স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে গৃহীত ব্যাপক পরিকল্পনাগুলো একসঙ্গে বাস্তবায়ন করা চ্যালেঞ্জিং। তাই সুনির্দিষ্ট কিছু বিষয়কে অগ্রাধিকার দিয়ে ধাপে ধাপে পাইলট প্রকল্প হিসেবে কার্যক্রম শুরু করা হবে। এ লক্ষ্যে দেশে দ্রুত স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়ন ও বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন তিনি। এছাড়া চিকিৎসার বিপুল ব্যয় থেকে সাধারণ মানুষকে রক্ষা করতে ‘হেলথ ইন্স্যুরেন্স’ বা স্বাস্থ্যবিমা চালুর বিষয়ে মন্ত্রণালয় বিশেষ নজর দিচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
নারীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে নতুন কিছু উদ্যোগের কথা জানিয়েছেন মন্ত্রী। তিনি বলেন, গর্ভকালীন সময়ে নারীদের বিভিন্ন সমস্যা ও বিব্রতকর পরিস্থিতি থেকে রক্ষা করতে হেলথ সেন্টারগুলোকে ‘ওয়ান-স্টপ সার্ভিস’-এ রূপান্তর করা হবে। পাশাপাশি উপজেলা পর্যায়ে অত্যন্ত স্বল্প খরচে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (Artificial Intelligence) প্রযুক্তির মাধ্যমে নারীদের স্তন ও জরায়ুমুখ ক্যানসার স্ক্রিনিং টেস্ট চালু করার পরিকল্পনা রয়েছে।
স্বাস্থ্যখাতের দীর্ঘদিনের অনিয়ম ও চ্যালেঞ্জ মোকাবিলায় সংশ্লিষ্ট সকলকে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান মন্ত্রী। তিনি পুনর্ব্যক্ত করেন যে, দেশের প্রতিটি স্তরে উন্নত চিকিৎসাসেবা পৌঁছে দিতে সরকার বদ্ধপরিকর।
কর্মশালায় স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের মহাপরিচালক ড. মো. এনামুক হকসহ মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : সুজন মাহমুদ মোবাইল: 01713915888
নির্বাহী পরিচালক মোঃ আনিছুর রহমান মোবাইল: 01714236204
Copyright © 2026 sbtv24. All rights reserved.