
নেত্রকোনায় সাংবাদিক লুৎফুজ্জামান ফকির ওরফে আলিফ ফকিরকে গুলি করে হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সাংবাদিক নেতৃবৃন্দ হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত, সংশ্লিষ্ট ব্যক্তিদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তার এবং আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
সোমবার (১৯ অক্টোবর) দুপুর ১২টায় কুমিল্লা নগরীর কান্দিরপাড়স্থ পূবালী চত্বরে আয়োজিত সভায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কুমিল্লা জেলা শাখার নেতৃবৃন্দ ও বিভিন্ন পর্যায়ের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি কাজী খোরশেদ আলম।
বক্তারা বলেন, সাংবাদিকের ওপর হামলা, নির্যাতন ও হত্যাকাণ্ড মেনে নেওয়া যায় না। একজন সাংবাদিককে প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনা শুধু একটি পরিবারের জন্য কষ্টকর আঘাত নয়, বরং স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের নিরাপত্তার জন্যও গুরুতর হুমকি। তাঁরা আলিফ ফকির হত্যার বিচার এবং সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবি তুলে ধরেন।
সভায় হত্যাকাণ্ডে সংশ্লিষ্ট প্রত্যেককে দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার, নিরপেক্ষ তদন্ত এবং আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানানো হয়। একই সঙ্গে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সাংবাদিকদের নিরাপত্তা রক্ষায় আরও কার্যকর ভূমিকা পালনের কথা বলা হয়।
কর্মসূচিতে বক্তব্য দেন জেলা কমিটির সাবেক সভাপতি ওমর ফারুকী তাপস, সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, সহসভাপতি মনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক আক্কাস আল মাহমুদ হৃদয়, বীর মুক্তিযোদ্ধা হাজী ফরিদ উদ্দিন আহমেদ ও লালমাই উপজেলা শাখা কমিটির সভাপতি রিয়াজ মোশেদ মাসুদ। বিভিন্ন স্লোগানে হত্যার বিচার ও সাংবাদিকদের নিরাপত্তার দাবি রাখা হয়।
সম্পাদক ও প্রকাশক : সুজন মাহমুদ মোবাইল: 01713915888
নির্বাহী পরিচালক মোঃ আনিছুর রহমান মোবাইল: 01714236204
Copyright © 2026 sbtv24. All rights reserved.