
নেত্রকোনার সাংবাদিক জাহিদ হাসানকে প্রকৃতি, পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণবিষয়ক প্রতিবেদনের স্বীকৃতি হিসেবে ‘সেরা প্রতিবেদক ২০২৬’ সম্মাননা দেওয়া হয়েছে। গত ১৭ অক্টোবর ঢাকায় চ্যানেল আইয়ের নিজস্ব ভবনে আয়োজিত সাংবাদিকদের মহাসম্মেলনে তাঁর হাতে স্মারক তুলে দেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং ইমপ্রেস গ্রুপের ভাইস চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু।
চ্যানেল আইয়ের ‘প্রকৃতি সংবাদে’ অনুষ্ঠানে প্রচারিত প্রতিবেদনগুলোর মধ্যে অসাধারণ কাজের স্বীকৃতিস্বরূপ জাহিদ হাসানকে এই পুরস্কার দেওয়া হয়। সম্মাননাপত্রে বস্তুনিষ্ঠ ও সৃজনশীল প্রতিবেদনের মাধ্যমে প্রকৃতি, পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে তাঁর অবদানের ধারাবাহিকতা কামনা করা হয়েছে।
সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত সম্মেলনে অংশ নেন পরিবেশ ও বন্যপ্রাণী বিশেষজ্ঞ, গবেষক, সাংবাদিক ও চ্যানেল আইয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। অতিথিদের মধ্যে ছিলেন অধ্যাপক ড. মনিরুল খান, অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম, অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন, ড. ইশতিয়াক সোবহান, সাবেক প্রধান বন সংরক্ষক ইশতিয়াক উদ্দিন আহমদ, ইস্টার্ন ব্যাংকের এসইভিপি মো. আব্দুস সালাম, চ্যানেল আইয়ের প্রধান বার্তা সম্পাদক জাহিদ নেওয়াজ খান, বার্তা সম্পাদক মীর মাসরুর জামান ও জয়েন্ট অ্যাসাইনমেন্ট এডিটর তারিকুল ইসলাম মাসুম।
সংশ্লিষ্টদের মতে, ঢাকা ও প্রায়শই রাজধানীকেন্দ্রিক গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের পাশাপাশি জেলা, উপজেলা ও প্রত্যন্ত অঞ্চলের সাংবাদিকরাও প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। নদী-হোরের অস্তিত্বসংকট, পাহাড় ও বনভূমির বিপন্নতা, জীববৈচিত্র্যের ক্ষয় এবং কৃষি ও গ্রামীণ জনপদের পরিবর্তন নিয়ে তাঁদের প্রতিবেদনে বিষয়গুলো উঠে আসে। তবে মাঠপর্যায়ের এ ধরনের কাজ জাতীয় পর্যায়ে স্বীকৃতি পাওয়ার সুযোগ তুলনামূলক সীমিত।
জাহিদ হাসানের দেওয়া তথ্য অনুযায়ী, জেলা ও তৃণমূল পর্যায়ের প্রকৃতি সংবাদিকতায় এ ধরনের সম্মাননা এবারই প্রথম দেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে নেত্রকোনার নদ-নদী, পাহাড়ি জনপদ, গ্রামীণ জীবন, কৃষি ও প্রাকৃতিক বৈচিত্র্য নিয়ে প্রতিবেদন তৈরি করে আসছেন তিনি। স্থানীয় পর্যায়ের পরিবেশসংকট, প্রকৃতির পরিবর্তন ও জীববৈচিত্র্য সংরক্ষণের প্রয়োজনীয়তা জাতীয় গণমাধ্যমে তুলে ধরাই তাঁর প্রতিবেদনের লক্ষ্য।
প্রকৃতি ও পরিবেশবিষয়ক সাংবাদিকতায় ঘটনা তুলে ধরার পাশাপাশি জনসচেতনতা তৈরি এবং পরিবেশবিনাশী কর্মকাণ্ডের বিরুদ্ধে সামাজিক দৃষ্টিভঙ্গি গড়ে তোলার ওপর জোর দেন সংশ্লিষ্টরা। তাঁদের মতে, জাহিদ হাসানের এই স্বীকৃতি ব্যক্তিগত অর্জন হওয়ার পাশাপাশি দেশের প্রত্যন্ত অঞ্চলে কর্মরত সাংবাদিকদের অনুপ্রেরণাও হবে।
সম্পাদক ও প্রকাশক : সুজন মাহমুদ মোবাইল: 01713915888
নির্বাহী পরিচালক মোঃ আনিছুর রহমান মোবাইল: 01714236204
Copyright © 2026 sbtv24. All rights reserved.