
সোমবার (১৯ অক্টোবর) বিকেলে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের কার্যালয়ে জাতিসংঘ মহাসচিবের মিয়ানমারবিষয়ক বিশেষ দূত জুলি ইসাবেল বিশপের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হয়।
বৈঠকে মিয়ানমারের চলমান রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি, রোহিঙ্গা সংকট এবং বাস্তুচ্যুত রোহিঙ্গাদের প্রত্যাবাসন বিষয়ে আলোচনা হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতে বাস্তুচ্যুত বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার পর দেশটি দীর্ঘদিন ধরে মানবিক সংকটের চাপ মোকাবিলা করছে। এই সংকটের স্থায়ী ও টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও শক্তিশালী ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
বিশপ মিয়ানমারের সংঘাতময় পরিস্থিতি তুলে ধরে সংঘাত বন্ধ করা এবং বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করতে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে নিয়মিত যোগাযোগ ও কূটনৈতিক তৎপরতা অব্যাহত রাখার প্রয়োজনীয়তার কথা বলেন।
বৈঠকে মিয়ানমার সীমান্তবর্তী এলাকায় স্থলমাইনের বিস্তার, মানবপাচার ও মাদকপাচার নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়। এসব সমস্যার আঞ্চলিক ও বৈশ্বিক প্রভাব নিয়ে আলোচনা করেন অংশ নেওয়া প্রতিনিধিরা।
রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও স্বেচ্ছায় নিজ দেশে ফিরে যাওয়ার পরিবেশ তৈরির ওপর গুরুত্বারোপ করা হয়। এ লক্ষ্য অর্জনে রাজনৈতিক সংলাপ এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয়।
সাক্ষাৎকালে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের রাজনৈতিক ও বহিরাগমন অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. জিয়াউদ্দিন আহমেদ, রাজনৈতিক-১ অধিশাখার যুগ্মসচিব রেবেকা খান, জাতিসংঘের আবাসিক সমন্বয়ক ক্যারল ফ্লোর-স্মেরেজনিয়াক, সিনিয়র পলিটিক্যাল অ্যাফেয়ার্স অফিসার ডানকান কিথ উইলসন এবং ইউএনএইচসিআরের উপপ্রতিনিধি জুলিয়েট মুরেকিয়সোনি উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : সুজন মাহমুদ মোবাইল: 01713915888
নির্বাহী পরিচালক মোঃ আনিছুর রহমান মোবাইল: 01714236204
Copyright © 2026 sbtv24. All rights reserved.