
রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক দুটি অভিযানে পাঁচটি দেশীয় তৈরি একনলা ওয়ান শুটারগান, কার্তুজ ও গুলিসহ মো. জালাল প্রামাণিক ওরফে জাকির হালিম (৩৭) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে রাজবাড়ীর পুলিশ সুপার মীর মনির হোসেন এ তথ্য নিশ্চিত করেন। গ্রেফতার জাকির গোয়ালন্দ উপজেলার চর দেলুনদি গ্রামের আবজাল ওরফে আয়নাল প্রামাণিকের ছেলে। পুলিশ জানায়, তার বিরুদ্ধে দুটি হত্যা ও অস্ত্র আইনসহ মোট চারটি মামলা রয়েছে।
পুলিশের সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, অবৈধ আগ্নেয়াস্ত্র কেনাবেচার গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোরে রাজবাড়ী সদর উপজেলার উড়াকান্দা এলাকায় অভিযান চালায় ডিবি পুলিশ। উড়াকান্দা ইউকে বিচের উত্তর পাশে গোদার বাজার ঘাট থেকে অন্তর মোড়গামী বেড়িবাঁধ সড়কে অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে জাকিরকে আটক করা হয়। পরে তার সঙ্গে থাকা সাদা প্লাস্টিকের বাজারের ব্যাগ ও পরিহিত প্যান্টের পকেট তল্লাশি করে তিনটি একনলা বন্দুক, পাঁচটি কার্তুজ ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ সময় অস্ত্র কেনাবেচার কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাকির পুলিশকে জানান, উদ্ধার করা অস্ত্র ও গুলি পলাতক আসামি মামুন (২৩), ইলিয়াস (৫০) ও সাইফুলের (৩০) কাছে বিক্রির জন্য তিনি নিয়ে এসেছিলেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এদিকে একই দিন ডিবি পুলিশের অন্য একটি দল রাজবাড়ী সদর থানার উড়াকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পাশে বিশেষ অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় দুটি দেশীয় তৈরি একনলা ওয়ানশুটারগান উদ্ধার করে। রাজবাড়ীর পুলিশ সুপার মীর মনির হোসেন জানান, আটক ব্যক্তি ও তার পলাতক সহযোগীদের বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় অস্ত্র আইনে মামলা করাসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি জানান, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন