
বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে দেশে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় নতুন সেবা যুক্ত হয়েছে। গত ১ নভেম্বর, রবিবার থেকে বাংলা কিউআর (QR) কোডের মাধ্যমে ব্যক্তি থেকে ব্যক্তি বা পিটুপি (P2P) লেনদেনের সুবিধা চালু হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, এই সেবার মাধ্যমে টাকা পাঠাতে প্রাপকের মোবাইল নম্বর বা ব্যাংক হিসাব নম্বর আলাদাভাবে প্রবেশ করানোর প্রয়োজন হবে না। প্রাপকের বাংলা কিউআর কোড স্ক্যান করে প্রয়োজনীয় তথ্য যাচাই করলেই লেনদেন সম্পন্ন করা যাবে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নতুন ব্যবস্থায় ব্যক্তিপর্যায়ে অর্থ স্থানান্তর আরও সহজ, দ্রুত ও নিরাপদ হবে। পাশাপাশি টাকা পাঠানোর সময় ভুল মোবাইল নম্বর বা ব্যাংক হিসাবের তথ্য দেওয়ার ঝুঁকিও কমবে।
কেন্দ্রীয় ব্যাংকের প্রত্যাশা, এই উদ্যোগের ফলে দৈনন্দিন লেনদেনে নগদ অর্থের ব্যবহার কমবে এবং ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার বিস্তারসহ ক্যাশলেস লেনদেনের প্রসারে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাংলাদেশ ব্যাংক আশা ব্যক্ত করেছে যে, এ সেবা দেশের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থাকে আরও সহজলভ্য ও অন্তর্ভুক্তিমূলক করবে।
মন্তব্য করুন