

নিজস্ব প্রতিবেদক, কোনাবাড়ী (গাজীপুর):
“যুবকের শক্তি, সমাজের মুক্তি—মাদকমুক্ত বাংলাদেশ গড়ি” এই স্লোগানকে সামনে রেখে গাজীপুরের কোনাবাড়ী আমবাগে যুব শক্তি ফাউন্ডেশনের কার্যালয় উদ্বোধন, মাদকবিরোধী আলোচনা সভা ও সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর ২০২৬) সকালে কোনাবাড়ী আমবাগ এলাকায় আয়োজিত অনুষ্ঠানে যুব শক্তি ফাউন্ডেশনের সভাপতি মোঃ আমির হোসেনের সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ আঃ সালামের সঞ্চালনায় কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ডা. আবু সাঈদ, কোনাবাড়ী থানা বিএনপির সাবেক সফল সভাপতি আলহাজ্ব রবিউল ইসলাম রবি, ১০ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আশরাফুল আলম, ১০ নম্বর ওয়ার্ড বিএনপির বর্তমান সভাপতি ইঞ্জিনিয়ার সেলিম সরকার, ১০ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি মোঃ কামরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে সচেতনতামূলক বক্তব্য দেওয়া হয়। আলোচনা সভায় বক্তারা বলেন, মাদকদ্রব্যের ভয়াবহ ছোবল থেকে যুবসমাজকে রক্ষা করতে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। মাদক শুধু একজন ব্যক্তির জীবনই ধ্বংস করে না, বরং একটি পরিবার ও সমাজকেও বিপর্যস্ত করে। তাই মাদক প্রতিরোধে পরিবার, সমাজ ও সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।
বক্তারা আরও বলেন, যুবসমাজ দেশের সবচেয়ে বড় শক্তি। এই শক্তিকে সঠিকভাবে কাজে লাগাতে পারলে একটি সুন্দর, সমৃদ্ধ ও মাদকমুক্ত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। এ ক্ষেত্রে যুব শক্তি ফাউন্ডেশনের মতো সামাজিক সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
আলোচনা সভা শেষে মাদকবিরোধী সচেতনতামূলক র্যালি বের করা হয়। র্যালিতে সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এ সময় সাধারণ মানুষের মধ্যে মাদকবিরোধী সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, যুবসমাজকে মাদক, অপরাধ ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে মানবিক, সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলাই যুব শক্তি ফাউন্ডেশনের অন্যতম লক্ষ্য।
মন্তব্য করুন