
জ্বালানি খাতের ব্যর্থতার দায় জনগণের ওপর চাপানো যাবে না: পরওয়ার
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জ্বালানি খাতের অব্যবস্থাপনা ও বাজার নিয়ন্ত্রণে ব্যর্থতার দায় সাধারণ জনগণের ওপর চাপানো যাবে না। এক বিবৃতিতে তিনি এই মন্তব্য করেছেন।
তথ্য অনুযায়ী, এক মাসের ব্যবধানে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বেড়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। এই দাম বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে পরওয়ার বলেছেন, নিত্যপ্রয়োজনী দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ ইতিমধ্যে দিশেহারা, এই পরিস্থিতিতে এলপিজির দাম অস্বাভাবিক হারে বাড়লে জনজীবনে নতুন করে দুর্ভোগ সৃষ্টি হবে।
জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে সোমবার (২ নভেম্বর) জারি বিবৃতিতে পরওয়ার আরও বলেন, এলপিজির দাম বাড়লে বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের খরচ বাড়বে। ক্রয়ক্ষমতা বিবেচনা না করে বারবার জ্বালানির দাম বাড়ানো সরকারের দায়িত্বশীলতার পরিচয় বহন করে না।
বিবৃতিতে দাবি করা হয়েছে, বাজারে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে এলপিজি বিক্রি হচ্ছে। রাজধানীতে ১২ কেজির সিলিন্ডার ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৩০০ টাকায় বিক্রি হচ্ছে বলে জামায়াতের সেক্রেটারি জেনারেল জানিয়েছেন। এ বিষয়ে কার্যকর বাজার তদারকি ও জবাবদিহি নিশ্চিত করা হচ্ছে না বলে তার অভিযোগ।
আমদানিকারক, ডিলার ও খুচরা বিক্রেতাদের কমিশন বৃদ্ধির অজুহাতে ভোক্তাদের ওপর অতিরিক্ত ব্যয়ের বোঝা চাপানো গ্রহণযোগ্য নয় বলে পরওয়ার মন্তব্য করেছেন।
তিনি এলপিজির মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত থেকে অবিলম্বে সরে আসা, সরকার নির্ধারিত মূল্যে গ্যাস বিক্রি নিশ্চিত করা এবং সিন্ডিকেট ও অযৌক্তিক মুনাফা বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। একইসঙ্গে ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় নিয়মিত বাজার তদারকির আহ্বান জানানো হয়েছে।
মন্তব্য করুন