
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের হামলার পর পরিস্থিতি চরম থমথমে রয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় সংঘটিত সহিংসতার পর বুধবার সকালে পুরো উপজেলাজুড়ে ধ্বংসযজ্ঞের চিত্র ফুটে উঠেছে। মহাসড়কগুলো গাছের গুঁড়ি ফেলে অবরোধ করে রাখা হয়েছে, আর টুঙ্গিপাড়া থানা প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আইনশৃঙ্খলা পুনরুদ্ধারে পুরো গোপালগঞ্জ জেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র ২১ প্লাটুন মোতায়েন করা হয়েছে।
বুধবার সকালে সরেজমিনে দেখা যায়, জেলা সদর থেকে টুঙ্গিপাড়ায় যাওয়ার পথে ঘোনাপাড়া মোড়, নীলফা বাজার ও কিমাডাঙ্গা মোড়সহ অন্তত ৫০০ মিটার এলাকাজুড়ে সডকে আড়াআড়িভাবে ফেলা গাছের গুঁড়ির কারণে যান চলাচল সম্পূর্ণ বন্ধ। নীলফা বাজারে গোপালগঞ্জ-পাটগাতী সড়কের ওপর বিজিবির পুড়ে যাওয়া তিনটি গাড়ির ধ্বংসাবশেষ পড়ে আছে।
থানার ভেতরে পুড়ে যাওয়া গাড়ি, আসবাবপত্র ও নথিপত্রের ছাই ছড়িয়ে-ছিটিয়ে আছে। ফটকে থাকা পুলিশের একটি গাড়ির পোড়া অংশ থেকে সকালেও ধোঁয়া বের হচ্ছিল। দোতলার ব্যারাকে পোশাক ও বিছানাপত্র ছড়ানো, নিচতলার হাজতখানার তালা ভাঙা এবং কর্মকর্তাদের কক্ষগুলো আগুনে পুড়ে কয়লা হয়ে গেছে। ধ্বংসস্তূপের মধ্য থেকে যা যা বাঁচাতে পেরেছেন অনেক পুলিশ সদস্য, তাদের ব্যাটারিচালিত ভ্যানে করে থানা এলাকা ছেড়ে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হয়।
স্থানীয় বাসিন্দাদের বর্ণনায় জানা গিয়েছে, পরিস্থিতির সূত্রপাত মঙ্গলবার সন্ধ্যায়। থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরানুল কবিরের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলা পরিষদ চত্বরের আশপাশে অভিযান চালিয়ে ক্যারম খেলা অবস্থায় কয়েকজন শিক্ষার্থী ও যুবককে আটক করে। প্রত্যক্ষদর্শীদের তাদের ছেড়ে দেওয়ার অনুরোধ পুলিশ না শোনার পর, আটকের খবর মসজিদের মাইকে ঘোষণা করলে ক্ষুব্ধ লোকজন জড়ো হতে শুরু করে।
পরে টুঙ্গিপাড়া-পাটগাতী বাসস্ট্যান্ড এলাকায় নিষিদ্ধ সংগঠনগুলোর নেতা-কর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে বিক্ষোভ মিছিল বের করে আটক ব্যক্তিদের মুক্তির আলটিমেটাম দেন। পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বেধে যায়। পরিস্থিতি সামলাতে পুলিশ কাঁদানে গ্যাস, সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেট ব্যবহার করলে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পুলিশ থানা ছেড়ে পিছু হটে এবং তখনই হামলাকারীরা থানায় ঢুকে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।
থানা ও স্থানীয় সংসদ সদস্যের বাড়িতে হামলার পর জেলার সার্বিক নিরাপত্তা ব্যবস্থায় জোর দেওয়া হয়েছে। বিজিবির সদর দপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী, স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয়ে জেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ২১ প্লাটুন বিজিবি সদস্য নিবিড়ভাবে দায়িত্ব পালন করছেন। সেন্ট্রাল মনিটরিং সেলের মাধ্যমে পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ হচ্ছে; ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও অত্যাধুনিক প্রযুক্তিতে লাইভ ভিডিও নজরদারি চালু আছে।
এ পর্যন্ত পুলিশ বা প্রশাসনের পক্ষ থেকে আটক ব্যক্তিদের মুক্তি বা থানায় হামলার পেছনে নির্দিষ্ট দায়ীদের বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
মন্তব্য করুন