
# ফরিদপুরে পার্ক করা বাসে অগ্নি সংযোগ: ঘুমান্ত চালকের মৃত্যু
ফরিদপুর শহরের গোয়ালচামট নতুন বাসস্ট্যান্ড এলাকায় গভীর রাতে পার্ক করে রাখা একটি লোকাল বাসে অজ্ঞাত দুর্বৃত্তরা আকস্মিকভাবে আগুন ধরিয়ে দেওয়ার ফলে ঘুমান্ত অবস্থায় থাকা এক বাসচালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির নাম মো. কালাচাঁদ (৫০)।
স্থানীয় ও পরিবহন শ্রমিক সূত্র জানা গেছে, সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে ওই এলাকার সড়কের ওপর বাসটি দাঁড় করানো ছিল এবং চালক কালাচাঁদ ভেতরেই ঘুমান্ত ছিলেন। রাত তিনটার দিকে অজ্ঞাত দুর্বৃত্তরা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে কোতোয়ালি থানা পুলিশ বাসের ভেতর থেকে চালককে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় এবং কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত কালাচাঁদ গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার দিগনগর গ্রামের বাসিন্দা ছিলেন এবং ফরিদপুর-টেকেরহাট-মাদারীপুর রুটে চলাচলকারী ‘কিশোর-তনয়’ পরিবহনের চালক ছিলেন বলে জানা গেছে।
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার মো. সাদ্দাম জানান, আগুনের ধোঁয়ায় সৃষ্ট শ্বাসকষ্টের কারণেই তাঁর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মরদেহ বর্তমানে হাসপাতাল মর্গে রাখা রয়েছে।
ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ অনুসন্ধান এবং জড়িত দুর্বৃত্তদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ শুরু করেছে।
এখন পর্যন্ত এ ঘটনায় কোনো সন্দেহভাজনকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি এবং অগ্নি সংযোগের প্রকৃত কারণ উদ্ঘাটনের বিষয়টি পুলিশের অনুসন্ধানাধীন রয়েছে।
মন্তব্য করুন