
কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে পুলিশ, বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় ককটেল বিস্ফোরণ, যানবাহন ভাঙচুর ও টায়ারে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (২৮ নভেম্বর) রাত পৌনে ১১টা থেকে পৌনে ১২টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় এ সংঘর্ষ ও অবরোধ চলে। রাত পৌনে ১১টার দিকে উপজেলার ট্রেনিং সেন্টার এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কয়েক শ নেতাকর্মী বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি চৌদ্দগ্রাম বাজার ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দিকে যাওয়ার সময় মহাসড়কের বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ফেলে এবং টায়ারে আগুন দিয়ে অবরোধ সৃষ্টি করেন বলে জানা গেছে।
এ সময় কয়েকটি যানবাহন ভাঙচুর করা হয়। পাশাপাশি কিছু গাড়ির চাবি ছিনিয়ে নেওয়ার অভিযোগ করেছেন চালকেরা। অবরোধ শুরুর প্রায় এক ঘণ্টা পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এ সময় স্থানীয় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা পুলিশের সঙ্গে যোগ দিলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। রাত পৌনে ১২টা পর্যন্ত ধাওয়া-পাল্টাধাওয়া চলে।
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ গিয়াস উদ্দিন অভিযোগ করেন, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা গোপনে মিছিল বের করে মহাসড়কে বিশৃঙ্খলা ও যানবাহন ভাঙচুর করেন। খবর পেয়ে বিএনপির নেতাকর্মীরা পুলিশসহ ঘটনাস্থলে গিয়ে তাদের ধাওয়া দিলে তারা পালিয়ে যান। উপজেলা জামায়াতের আমির মোহাম্মদ মাহফুজুর রহমানও জানান, খবর পেয়ে জামায়াতের নেতাকর্মীরা পুলিশের সঙ্গে ঘটনাস্থলে গিয়ে অবরোধকারীদের ধাওয়া করেছেন।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোসেন জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে টিয়ারশেল নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। পরে সড়ক থেকে প্রতিবন্ধকতা সরিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়।
মন্তব্য করুন