
টেসলার প্রত্যাশিত বিক্রি না হওয়ার কারণে সাইবার ট্রাক উৎপাদন বন্ধের পথে প্রতিষ্ঠানটি। মার্কিন গাড়ি নির্মাতা এই সংস্থাটি সাইবার ট্রাকের উৎপাদন লাইন স্থানান্তর বা বন্ধ করে দেওয়ার পরিকল্পনা করছে। এর পরিবর্তে তারা চালকবিহীন ট্যাক্সি সাইবার ক্যাবের উৎপাদন বাড়ানোর দিকে মনোযোগ দিচ্ছেন। রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
গাড়িটির বিক্রি ব্যাপকভাবে কমে যাওয়ার কারণে এই সিদ্ধান্ত আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। গাড়ি বিশ্লেষক প্রতিষ্ঠান কেলি ব্লু বুকের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে যুক্তরাষ্ট্রে মাত্র ২০ হাজার ২৩৭টি সাইবার ট্রাক বিক্রি হয়েছিল। যেখানে ২০২৪ সালে বিক্রির পরিমাণ ছিল ৩৮ হাজার ৯৬৫টি। অর্থাৎ এক বছরের ব্যবধানে গাড়িটির বিক্রি প্রায় ৪৮ শতাংশ কমেছে।
এছাড়া সাইবার ট্রাকের মান ও নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হাইওয়ে ট্রাফিক সেফটি অ্যাডমিনিস্ট্রেশনের তথ্য অনুযায়ী, গাড়িটি বাজারে আসার পর থেকে একাধিকবার রিকলের মুখে পড়েছে। কিছু গাড়ি মেরামত করতে হয়েছে এবং কিছু সমস্যা সফটওয়্যার আপডেটের মাধ্যমে সমাধান করা হয়েছে। ইউরোপের বাজারেও সাইবার ট্রাকের সম্ভাবনা খুব একটা আশাব্যঞ্জক নয়। স্টেইনলেস স্টিলের ধারালো বহিরাবরণ ইউরোপীয় নিরাপত্তা বিধিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না হওয়ার কারণে অনুমোদন পাওয়া কঠিন হয়েছে।
তবে সাইবার ট্রাক উৎপাদন লাইন স্থানান্তর বা পুরোপুরি বন্ধ হবে কি না, সে বিষয়ে নিশ্চিত কোনো ঘোষণা আসেনি। প্রতিষ্ঠানটি জানিয়েছে যে সাইবার ট্রাকের বকেয়া অর্ডার পূরণ করতে উৎপাদনে অতিরিক্ত একটি শিফট চালু করা হবে। ২০২৭ সালের জুন-জুলাইয়ে সাইবার ক্যাব উৎপাদন বাড়ানোর জন্য লাইন সরানোর আগে বর্তমান অর্ডার শেষ করতে হবে বলে জানানো হয়েছে।
অন্যদিকে টেসলার ভবিষ্যৎ ব্যবসায়িক পরিকল্পনায় ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে সাইবার ক্যাব। এই গাড়িতে প্রচলিত স্টিয়ারিং হুইল, অ্যাক্সিলারেটর ও ব্রেক প্যাডেল রাখা হয়নি; চালক ছাড়াই যাত্রী পরিবহনের লক্ষ্যে এটি তৈরি করা হয়েছে। তবে সাইবার ক্যাবের উৎপাদন ও বাণিজ্যিক কার্যক্রম এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। নিরাপত্তাব্যবস্থা ও বাণিজ্যিক ব্যবহারের অনুমোদন নিয়ে নিয়ন্ত্রক সংস্থাগুলোর পর্যালোচনা চলছে। ফলে সাইবার ট্রাকের জায়গা কত দ্রুত এই নতুন প্রযুক্তির গাড়ি নিতে পারবে, তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে।
বিশ্লেষকদের মতে, সাইবার ট্রাক উৎপাদন লাইন স্থানান্তরের পরিকল্পনা টেসলার ব্যবসায়িক কৌশলে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। প্রচলিত বৈদ্যুতিক গাড়ি উৎপাদনের পাশাপাশি প্রতিষ্ঠানটি কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবট এবং চালকবিহীন পরিবহন প্রযুক্তিতে বিনিয়োগ বাড়াচ্ছে।
মন্তব্য করুন